শিক্ষা, কারিগরি দক্ষতা উন্নয়ন, টেক্সটাইল, ফ্যাশন এবং শিল্পভিত্তিক প্রশিক্ষণে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একটি দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকায় বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) কার্যালয়ে চীনের স্বনামধন্য চেচিয়াং সাইন্স-টেক ইউনিভার্সিটির (জেডএসটিইউ) ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার বিসিসিসিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চেচিয়াং সাই-টেক ইউনিভার্সিটির ‘স্কুল অব ফ্যাশন, ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’-এর ভাইস ডিন, অধ্যাপক সু ছিউছেই। বৈঠকে টেক্সটাইল, ফ্যাশন ডিজাইন, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং খাতের বিশেষজ্ঞ অধ্যাপক এবং একাডেমিক পেশাজীবীরা অংশ নেন।
আলোচনায় অধ্যাপক সু ছিউছেই ফ্যাশন ও টেক্সটাইল প্রযুক্তিতে চীনের অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যৌথ একাডেমিক কার্যক্রম, কারিগরি জ্ঞান বিনিময়, শিল্পভিত্তিক প্রশিক্ষণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের ক্যাম্পাসে উচ্চশিক্ষা ও বাস্তবভিত্তিক অভিজ্ঞতার সুযোগ তৈরির প্রস্তাব দেওয়া হয়।
বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও টেক্সটাইল খাতের সঙ্গে চীনা বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মেলবন্ধন তৈরিতে বিসিসিসিআই নিরলসভাবে কাজ করছে।” তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে কারখানা পরিদর্শন, সরাসরি শিল্প সংযোগ এবং হাতে-কলমে প্রশিক্ষণের ওপর জোর দেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাডেমিক সহযোগিতা, টেক্সটাইল ও ফ্যাশন খাতে যৌথ গবেষণা ও কারিগরি জ্ঞান বিনিময় এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিল্প প্রতিষ্ঠানে সরাসরি কাজ করার সুযোগ নিয়ে উভয় পক্ষই একমত পোষণ করে।
সূত্র: সিএমজি বাংলা