চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও পলাতক আওয়ামী লীগ নেতা রেজাউল করিমের মালিকানাধীন একটি বহুতল ভবনে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বুধবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে ভবনটিতে পার্কিংয়ের জায়গা না থাকায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নগরের সিপিডিএল, পিটুপি ও জুমাইরাসহ বিভিন্ন ডেভেলপার কোম্পানি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ২৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সিডিএর ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্ব দেন সিডিএর মহানগর স্পেশাল ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা ও দায়রা জজ হামীমুন তানজীন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনজুর হাসান, অথরাইজড অফিসার-২ তানজীব হোসেন, সহকারী অথরাইজড অফিসার হামিদুল হক এবং ইমারত পরিদর্শকরা। সিডিএ সূত্র জানায়, নগরের চকবাজার এলাকায় অবস্থিত সাবেক মেয়র রেজাউল করিমের ছয়তলা ভবনটিতে কোনো পার্কিং স্পেস রাখা হয়নি। ভবনটির পার্কিংয়ের নির্ধারিত স্থান দখল করে সেখানে হামদর্দ নামে একটি প্রতিষ্ঠানের শোরুম ভাড়া দেওয়া হয়েছে। এই অনিয়মের দায়ে ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং আগামী নভেম্বরের মধ্যে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার কঠোর আল্টিমেটাম দেওয়া হয়েছে।
একই অভিযানে নগরীর শতবর্ষী আসকার দিঘির পাড় দখল করে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণের দায়ে ভবনটির বিভিন্ন অংশ ভেঙে দেওয়া হয়েছে এবং স্থাপনাটি সিলগালা করা হয়েছে। এছাড়া নগরীর লালদিঘির পাড়ে নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণ এবং হেমসেন লেন এলাকায় রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালিয়ে সেগুলোর বিভিন্ন অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। সব মিলিয়ে বুধবার মোট সাতটি ভবনে অভিযান পরিচালনা করে ২৭ লাখ টাকা জরিমানা করেছে সিডিএর ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে সিডিএর অথরাইজড অফিসার-২ তানজীব হোসেন জানান, সাবেক মেয়র রেজাউল করিমের ভবনসহ মোট সাতটি স্থাপনায় অভিযান চালিয়ে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, মাস্টার প্ল্যানে সংরক্ষণের কথা থাকলেও প্রাচীন আসকার দিঘির পাড়ে ভবন নির্মাণ করা হচ্ছিল, যা আইনত দণ্ডনীয়। এছাড়া সিপিডিএল, পিটুপি ও জুমাইরার মতো ডেভেলপার কোম্পানিগুলোকেও বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানার আওতায় আনা হয়েছে। নগরীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিয়ম মানাতে সিডিএর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।