চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বৈশ্বিক সহযোগিতার আহ্বান চীনা প্রধানমন্ত্রীর

ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, গবেষণা ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। একই সঙ্গে বিশ্ববাসীর জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং বৈশ্বিক স্বাস্থ্যবৈষম্য কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বেইজিংয়ে শনিবার অনুষ্ঠিত ওয়ার্ল্ড কনফারেন্স অন ট্র্যাডিশনাল মেডিসিন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন লি ছিয়াং। এ সম্মেলনে অংশ নেন প্রায় ১ হাজার ২০০ প্রতিনিধি।

বক্তব্যে চীনের প্রধানমন্ত্রী বলেন, মানুষের সুস্বাস্থ্য রক্ষা ও সভ্যতার বিকাশে ঐতিহ্যবাহী চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিনের চর্চা ও অভিজ্ঞতার মাধ্যমে চীনের ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে গড়ে উঠেছে।

তিনি বলেন, ঐতিহ্যবাহী চিকিৎসার উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। চীন এ চিকিৎসাব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াবে। পাশাপাশি এ খাতে গবেষণা ও উন্নয়নে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে উৎসাহিত করবে।

লি ছিয়াং আরও বলেন, ঐতিহ্যবাহী চিকিৎসায় আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা গভীর করতে চীন আগ্রহী।

বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় সমান সুযোগ নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যবৈষম্য কমাতে চীন নিজের সক্ষমতা অনুযায়ী দায়িত্ব পালন এবং অবদান রাখতে প্রস্তুত।

সূত্র: সিএমজি