শপথ গ্রহণের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি জিয়া স্মৃতি কমপ্লেক্সে পৌঁছান। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী। সমাধি কমপ্লেক্সের নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও বহুবার দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

খালেদা জিয়াজিয়াউর রহমানবাংলাদেশমির্জা ফখরুল ইসলাম আলমগীররাজনীতি