বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি কখনো প্রেসিডেন্ট হওয়ার কথা কল্পনাও করেননি। মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এটি দল ও মহান আল্লাহর অশেষ কৃপা। তিনি আরও যোগ করেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেও তার মূল লক্ষ্য থাকবে জনগণের পাশে থেকে নিরলস সেবা করা। কর্মব্যস্ততার মাঝেও তিনি সবসময় সাধারণ মানুষ এবং নিজ এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা তাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক ও সমকালের দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, সহ-সভাপতি ও স্টার টিভির মাহবুব আলম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও কালবেলার শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক ও বাসসের জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও ৭১ টেলিভিশনের আব্দুল লতিফ, প্রচার সম্পাদক ও জিটিভির সাজ্জাদ হোসেন, নারী বিষয়ক সম্পাদক ও নিউজ টোয়েন্টি ফোরের মোছা. শিউলী বেগম নাহিদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, স্টার টিভির ফরহাদ বিন নূর, কালের কণ্ঠের মো. নবাব শরীয়তুল্লাহ (সৌম্য সরকার), সাম্প্রতিক দেশকালের নাসরিন আখতার, যুগান্তরের ইমরান খান, চ্যানেল আইয়ের তাফহিমুল ইসলাম এবং নিউজ এজেন্সি এবিপির বিশেষ প্রতিনিধি আবু সাঈদ।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ এবং বাসসের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুর আলম সোহাগও উপস্থিত ছিলেন।