ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত লারাক দ্বীপে দুটি ইরানি উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। রোববারের এই হামলার বিষয়টি নিশ্চিত করে একজন মার্কিন কর্মকর্তা জানান, ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপসের (আইআরজিসি) সদস্যরা ওই এলাকায় সাগরে মাইন স্থাপনে সক্ষম রকেট নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিলেন। মূলত সেই হুমকি প্রতিহত করতেই মার্কিন বাহিনী এই অভিযান পরিচালনা করে। তেহরান থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই দ্বীপটিতে জুলাই মাসের পর প্রথমবারের মতো সরাসরি মার্কিন হামলার ঘটনা ঘটল।

মার্কিন ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লারাক দ্বীপে ইরানি লঞ্চারগুলোর উপস্থিতি এবং মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি শনাক্ত হওয়ার পরপরই ব্যবস্থা নেওয়া হয়। এই হামলার ঘটনায় কয়েকজন সামরিক সদস্য ও বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। হামলার পরপরই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লারাক দ্বীপে চালানো এই মার্কিন আগ্রাসনের উপযুক্ত জবাব ও শাস্তি দেওয়া হবে। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, হরমুজ প্রণালিতে ইরান নতুন করে মাইন পাতলে ওয়াশিংটন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, এই হামলার কয়েক ঘণ্টা আগেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় তিনি বলেন, মুসলিম দেশগুলোর যাবতীয় সমস্যার সমাধান নিহিত রয়েছে পারস্পরিক ঐক্য, বন্ধুত্ব এবং কল্যাণের পথে সহযোগিতার মধ্যে। খামেনি আরও উল্লেখ করেন, মুসলিমদের মধ্যে বিভাজন ও সংঘাত সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ড, তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক না কেন, তা ইসলামের শত্রুদের উদ্দেশ্য পূরণে সহায়তা করে।

নিজের বার্তায় খামেনি মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের প্রকৃত শত্রুকে চিনে নাও, তাদের সুদূরপ্রসারী পরিকল্পনাগুলো বোঝো এবং ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করো। লারাক দ্বীপে মার্কিন হামলার ঘটনাটি এমন এক উত্তপ্ত সময়ে ঘটল, যখন আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা চরমে। একদিকে মার্কিন বাহিনীর সামরিক তৎপরতা এবং অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যের আহ্বান—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে জটিল আকার ধারণ করেছে।

ইরানডনাল্ড ট্রাম্পমোজতবা খামেনিযুক্তরাষ্ট্রলারাক দ্বীপহরমুজ প্রণালি