ইরানের হুঁশিয়ারি, হরমুজ নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কোনভাবেই কমছে না। শনিবারও ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক চাপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও হরমুজে নৌ চলাচল নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ চালুর ঘোষণা দেন। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টও তেহরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের কথা জানান। এর প্রতিবাদে ইরান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের অভিযানে কোন দেশকে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে।

এ বাস্তবতায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন যে, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার নতুন কাঠামো গঠনের বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে ইরান অসংখ্য বার্তা পেয়েছে। তিনি স্বাধীন ও আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নেওয়া দেশগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করবে তেহরান।

সূত্র: সিএমজি বাংলা