এপেকের ৩৩তম অর্থনৈতিক নেতৃবৃন্দের বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দেওয়া ভাষণ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা এবং এ অঞ্চলে যৌথ সমৃদ্ধি এগিয়ে নিতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে। একই সঙ্গে সক্রিয়ভাবে ঐকমত্য গড়ে তোলা, সুযোগ ভাগাভাগি করা এবং যৌথভাবে উন্নয়ন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চীনের দায়িত্বশীল ভূমিকারও প্রতিফলন ঘটিয়েছে। সম্প্রতি এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের নানা প্রান্তের আন্তর্জাতিক ব্যক্তিত্বরা।
রাশিয়ার ফেডারেল সরকারের অধীন ফিন্যান্সিয়াল ইউনিভার্সিটির আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ডিন শেরেজনেভ বলেন, বিশ্বের বিভিন্ন দেশ প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণের দিকে গভীর মনোযোগ দিচ্ছে। বর্তমানে অনেক ক্ষেত্রে চীন বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে এবং আঞ্চলিক ঐকমত্য গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বিশ্বাস করেন, প্রেসিডেন্ট সির ভাষণ এ অঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছে, পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যতের দিকনির্দেশনাও দিয়েছে।
সেন্টার ফর ইউএস-চায়না স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক সৌরভ গুপ্ত বলেন, এপেকের রূপকল্প একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। তা হলো, অর্থনীতিগুলোর এককভাবে বিকশিত হওয়া উচিত নয়; বরং অভিন্ন উন্নয়ন অর্জনের লক্ষ্যে সমন্বিত শক্তি হিসেবে একসঙ্গে কাজ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, এপেক, উন্মুক্ত আঞ্চলিকতাবাদ এবং অবাধ ও মুক্ত বাণিজ্যের মাধ্যমে এমন একটি অভিন্ন রূপকল্প বাস্তবায়নের শক্তিশালী ভিত্তি তৈরি করে, যা পারস্পরিক সুবিধা, উভয় পক্ষের জন্য লাভজনক ফলাফল এবং অভিন্ন সমৃদ্ধি নিশ্চিত করতে পারে।
উন্মুক্ততা, উদ্ভাবন ও সহযোগিতার ওপর প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বারোপের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিত্বরা। তাদের বিশ্বাস, চীনের প্রস্তাব ও সমাধান এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বিশ্বব্যাপী উন্নয়নে নতুন ও শক্তিশালী প্রেরণা জোগাবে।
সিএমজি