শুষ্ক অঞ্চলে কৃষি উদ্ভাবনের কেন্দ্র চীনের ইয়াংলিং: বিশেষজ্ঞরা

চীনের শায়ানসি প্রদেশের ইয়াংলিংকে শুষ্ক অঞ্চলের কৃষি উদ্ভাবন ও কৃষিবিষয়ক জ্ঞান বিনিময়ের কেন্দ্র হিসেবে অভিহিত করেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। পাশাপাশি জলবায়ুর ক্রমবর্ধমান চাপের মধ্যে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা জোরদারে এ অঞ্চলের উদ্যোগের গুরুত্বও তুলে ধরেন তারা।

রোববার ৩৩তম চীনা ইয়াংলিং উচ্চপ্রযুক্তির কৃষিমেলা এবং এবং ২০২৬ শাংহাই সহযোগিতা সংস্থা কৃষি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। টানা পাঁচ বছর ধরে এ দুই মেলা যৌথভাবে আয়োজিত হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত চলা এই দুটি আয়োজনে ৫১টি দেশ ও অঞ্চলের সংশ্লিষ্ট পক্ষ এবং ২ হাজার ২০০’র বেশি প্রদর্শক অংশ নিয়েছেন। চীন ও বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশগুলোর কৃষকদের সুবিধার্থে প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ এবং আন্তঃসীমান্ত কৃষি অংশীদারত্ব এগিয়ে নেওয়া এ আয়োজনের লক্ষ্য।

চীনের ‘কৃষির অলিম্পিক’ হিসেবে পরিচিত এ আয়োজনগুলোতে মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক এবং কৃষি বিশেষজ্ঞরা অংশ নেন।

বক্তারা বলেন, কৃষি উদ্ভাবনের পরীক্ষাক্ষেত্র এবং শুষ্ক অঞ্চলে চাষাবাদবিষয়ক জ্ঞানভাণ্ডার হিসেবে ইয়াংলিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আণবিক প্রজনন প্রযুক্তি, ডিজিটাল মাঠ ব্যবস্থাপনা এবং পানি সাশ্রয়ী কৃষিতে এখানকার অগ্রগতি কার্যকর ও অন্যত্র প্রয়োগযোগ্য সমাধান দিচ্ছে।

চীনের কৃষিবিজ্ঞান একাডেমির সাবেক প্রেসিডেন্ট চাই হুছু অংশগ্রহণকারীদের বলেন, ‘ইয়াংলিং একটি আঞ্চলিক কেন্দ্র থেকে আন্তর্জাতিক কৃষি বিনিময়ের কেন্দ্রে পরিণত হয়েছে।‘

তিনি বলেন, ‘ইয়াংলিং- কে কেন্দ্র করে আমরা কাজাখস্তানের শস্য উৎপাদনকারী অঞ্চল, উজবেকিস্তানের তুলা উৎপাদনকারী এলাকা এবং কিরগিজস্তানের ফলবাগান অঞ্চলে চীনা ফসলের জাত ছড়িয়ে দিয়েছি।‘

চীনের কৃষি ও গ্রামীণবিষয়ক উপমন্ত্রী পান ওয়েনপোয়ে প্রদর্শনীকে প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এবং ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক জনমঞ্চ হিসেবে বর্ণনা করেন।

তিনি অংশগ্রহণকারী দেশগুলোকে খাদ্য নিরাপত্তা, কৃষি প্রযুক্তি, দক্ষ জনশক্তি উন্নয়ন, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

সূত্র: সিএমজি