চীনের প্যালাস-১ রকেটের সফল প্রথম উৎক্ষেপণ

প্রথমবারের মতো সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে চীনের প্যালাস-১ ওয়াই১ ক্যারিয়ার রকেট। মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পাইলট জোন থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

বেইজিং সময় সকাল ১০টায় রকেটটি মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে। পুরো উড্ডয়ন প্রক্রিয়ায় রকেটটি স্বাভাবিকভাবে কাজ করে এবং নির্ধারিত কক্ষপথে সফলভাবে পে-লোড স্থাপন করে।

এটি ছিল গ্যালাক্টিক এনার্জি কোম্পানির নিজস্ব প্রযুক্তিতে তৈরি মাঝারি আকারের দুই ধাপের তরল জ্বালানিচালিত রকেট প্যালাস-১-এর প্রথম উড্ডয়ন।

রকেটটির দৈর্ঘ্য ৫২ মিটার এবং মূল ধাপের ব্যাস ৩ দশমিক ৩৫ মিটার। উৎক্ষেপণের সময় এর ওজন প্রায় ২৮৩ টন এবং থ্রাস্ট বা উড্ডয়ন শক্তি প্রায় ৩৫০ টন ছিল। রকেটটি নিম্ন-পৃথিবী কক্ষপথে ৫ থেকে ৭ টন পর্যন্ত পে-লোড বহন করতে পারে।

গ্যালাক্টিক এনার্জির এক কর্মকর্তা জানান, বাণিজ্যিক স্যাটেলাইট গ্রাহকদের জন্য দক্ষ ও তুলনামূলক কম খরচের ‘স্পেস এক্সপ্রেস’ হিসেবে রকেটটি তৈরি করা হয়েছে।

রকেটটির প্রধান প্রপালশন ব্যবস্থায় কোম্পানির তৈরি সিকিউ-৫০ তরল অক্সিজেন-কেরোসিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। প্রথম ধাপে সাতটি ইঞ্জিন পাশাপাশি স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে রকেট পুনরুদ্ধার ও পুনর্ব্যবহারের সুবিধা এবং কোনো একটি ইঞ্জিনে সমস্যা হলেও মিশন চালিয়ে যাওয়ার সক্ষমতা বিবেচনায় রেখেই এই নকশা করা হয়েছে।

সূত্র: সিএমজি