চীনের জাতীয় হালকা শিল্প পরিষদের তথ্যমতে, দেশের হালকা শিল্পখাতে উৎপাদনের মান আরও উন্নত হয়েছে। সেইসঙ্গে অভ্যন্তরীণ ভোক্তাবাজার সম্প্রসারিত হয়েছে এবং শিল্প কাঠামোর ধারাবাহিক উন্নয়নের ফলে রপ্তানিও দ্রুত বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, প্রধান ব্যবসা থেকে বার্ষিক ২ কোটি ইউয়ানের বেশি আয়কারী বৃহৎ হালকা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মূল্য সংযোজিত উৎপাদন বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেড়েছে। এসময় এসব প্রতিষ্ঠানের মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ১১ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১ দশমিক ৬৬ ট্রিলিয়ন মার্কিন ডলার)।
সামগ্রিকভাবে উৎপাদন স্থিতিশীল ছিল। হালকা শিল্পের ৯১টি প্রধান পণ্যের মধ্যে ৫৪টির উৎপাদন বেড়েছে। এর মধ্যে লিথিয়াম-আয়ন ব্যাটারি ও রেফ্রিজারেটরসহ ১৪টি পণ্যের উৎপাদন দুই অঙ্কের প্রবৃদ্ধি বজায় রেখেছে।
সরকারের ভোগব্যয় উৎসাহিত করার নীতির ফলে হালকা শিল্পপণ্যের অভ্যন্তরীণ ভোক্তাবাজারে গুণগত উন্নয়নের পাশাপাশি পরিমাণগত সম্প্রসারণও ঘটেছে। বছরের প্রথম ছয় মাসে হালকা শিল্পের ১১টি পণ্যের খুচরা বিক্রির পরিমাণ ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি।
আন্তর্জাতিক বাজারে উচ্চমান, প্রতিযোগিতামূলক মূল্য এবং বহুমুখী আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের কারণে চীনের হালকা শিল্পপণ্যের রপ্তানি শক্তিশালী প্রবৃদ্ধি ও স্থিতিস্থাপকতা দেখিয়েছে। ২০২৬ সালের প্রথমার্ধে হালকা শিল্পপণ্যের মোট রপ্তানির মূল্য ৪৮৭ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেশি।
এ সময় গৃহস্থালি বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ব্যাটারিসহ ১৪টি শিল্পখাতের প্রত্যেকটির রপ্তানি ১০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে, যা নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তিগুলোর শক্তিশালী অগ্রগতির ইঙ্গিত দেয়।
সূত্র: সিএমজি বাংলা