বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদারে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: রেন রুইখ্য

বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, উন্নয়ন ও সহযোগিতা জোরদারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন পাওয়ার চায়না ছেংতু ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক রেন রুইখ্য।

সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ‘হ্যালো ঢাকা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প—দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের গল্প তুলে ধরা হয়েছে।

বক্তব্যে রেন রুইখ্য বলেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রকল্পটি পরিদর্শন করে এর প্রশংসা করেছেন। এই প্রকল্প দুই দেশের উন্নয়ন সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি উল্লেখযোগ্য উদাহরণ।

রেন রুইখ্য বলেন, “আমি বিশ্বাস করি, সাংস্কৃতিক বিনিময় ও দেশের উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের গণমাধ্যমকর্মীদের সঙ্গে আরও বেশি কাজ করার সুযোগ সৃষ্টি হবে বলে আমরা আন্তরিকভাবে আশা করি।”

তিনি বলেন, দুই দেশের সাংস্কৃতিক বিনিময়, সাংস্কৃতিক উন্নয়ন, সহযোগিতা এবং এসব উদ্যোগের পেছনে থাকা মানুষের গল্প নিয়ে আরও প্রামাণ্যচিত্র ও প্রতিবেদন তৈরি করা প্রয়োজন। এসব উদ্যোগের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক মূল্যবান অভিজ্ঞতা, হৃদয়স্পর্শী মুহূর্ত ও অর্থবহ অর্জন, যা বৃহত্তর দর্শকের কাছে তুলে ধরা উচিত।

বক্তব্যের শেষ পর্যায়ে রেন রুইখ্য চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং অনুষ্ঠানে উপস্থিত সব গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে অনুষ্ঠানের সফলতা কামনা করে বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও সহযোগিতার আরও উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিএমজি বাংলা