ছোংছিংয়ে আন্তর্জাতিক মেধা বিনিময় সম্মেলন অনুষ্ঠিত

চীনের ছোংছিংয়ে হয়ে গেল আন্তর্জাতিক মেধা বিনিময় সম্মেলনের চতুর্থ আসর। শনিবার আয়োজিত এ সম্মেলনে চীন ও বিশ্বের বিভিন্ন দেশের পেশাজীবী, বিশেষজ্ঞ এবং উদ্যোক্তারা অংশ নেন। ছোংছিয়ের প্রধান ও উদীয়মান শিল্প খাতগুলোতে আন্তর্জাতিক যোগাযোগ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘ছোংছিং আন্তর্জাতিক মেধা বিনিময় সম্মেলন’ মূলত শহরটির অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাতগুলোকে কেন্দ্র করে আয়োজন করা হয়। এসব খাতের মধ্যে রয়েছে স্মার্ট সংযুক্ত নতুন জ্বালানিচালিত যানবাহন, ইলেকট্রনিক তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন উপকরণশিল্প।

সম্মেলনে ৩০টিরও বেশি অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সব অধিবেশনে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের সংযোগ স্থাপন এবং গবেষণার ফলাফলকে বাস্তব প্রয়োগে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়েও বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়।

এ ছাড়া, বিশ্বব্যাপী নতুন উদ্যোগ ও উদ্ভাবনবিষয়ক প্রতিযোগিতার আয়োজন ছিল। হংকং ও ম্যাকাওয়ের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত হয় বৃত্তিমূলক দক্ষতা প্রতিযোগিতা। এর লক্ষ্য ছিল ছোংছিংয়ের সঙ্গে এ দুটি অঞ্চলের দক্ষতা প্রশিক্ষণ ও শিল্প খাতের সহযোগিতা আরও জোরদার করা।

সম্মেলনের আগের তিনটি আসরে বিশ্বের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে অংশগ্রহণকারীরা যোগ দেন। এসব আয়োজনের মাধ্যমে বিভিন্ন শিল্পখাতের দক্ষ জনবলের চাহিদা পূরণে ১১ হাজার ৩০০ জনেরও বেশি বিশেষজ্ঞকে যুক্ত করা সম্ভব হয়েছে।

সিএমজি