মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং দেশটির উন্নয়ন বাধাগ্রস্তের প্রচেষ্টা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান।
সিনচিয়াংয়ে তথাকথিত ‘জোরপূর্বক শ্রম’-এর অভিযোগে বেশ কয়েকটি চীনা কোম্পানিকে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত করার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ আহ্বান জানান।
কুও চিয়াখুন বলেন, “যুক্তরাষ্ট্র ক্রমাগত সিনচিয়াং নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তথাকথিত ‘জোরপূর্বক শ্রম’-এর অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর নির্বিচারে চাপ সৃষ্টির চেষ্টা করছে দেশটি। এ বিষয়ে চীন তীব্র অসন্তোষ প্রকাশ করছে এবং এর কঠোর বিরোধিতা করছে।“
তিনি আরও বলেন, তথাকথিত ‘জোরপূর্বক শ্রম’-এর অভিযোগ চীনবিরোধী কিছু গোষ্ঠীর তৈরি শতাব্দীর অন্যতম বড় মিথ্যাচার। এর উদ্দেশ্য সিনচিয়াংয়ে অস্থিতিশীলতা সৃষ্টি, চীনকে হেয় ও দেশটির উন্নয়ন বাধাগ্রস্ত করা।
চীনা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় বেইজিং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানান মুখপাত্র।
সূত্র: সিএমজি