মিং সম্রাজ্ঞী সিয়াওতুয়ানের সেই ফিনিক্সখচিত মুকুট

সাকিব সিকান্দার

মাত্র ৯ বছর বয়সে সিংহাসনে বসেছিলেন তিনি। তার সম্রাজ্ঞী হিসেবে নির্বাচিত হয়েছিলেন এমন এক নারী, যিনি অভিজাত পরিবারের সন্তান ছিলেন না। তার বাবা ছিলেন নিম্নপদস্থ একজন সরকারি কর্মকর্তা। তা সত্ত্বেও চার দশকেরও বেশি সময় ধরে তারা সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর দম্পতি ছিলেন। নানা রাজনৈতিক সংকট মোকাবিলা করে তারা একসঙ্গে পথ চলেছেন। শেষ পর্যন্ত একই বছরে মাত্র তিন মাসের ব্যবধানে তাদের মৃত্যু হয়।

গল্পটি শুনলে মনে হতে পারে, এটি কোনো ঐতিহাসিক মাইক্রো-ড্রামার চিত্রনাট্য। যেখানে রাজদরবারের রাজনীতি, প্রেম, ষড়যন্ত্র ও নাটকীয়তা একসূত্রে গাঁথা। কিন্তু এটি বাস্তব ইতিহাস। আর সেই ইতিহাস যেকোনো চিত্রনাট্যকারের কল্পনার চেয়েও বেশি জটিল।

সম্রাট ওয়ানলি ও সম্রাজ্ঞী সিয়াওতুয়ান ছিলেন মিং রাজবংশের (১৩৬৮-১৬৪৪) সবচেয়ে দীর্ঘ সময় শাসন করা সম্রাট ও সম্রাজ্ঞী। তবে শাসন পরিচালনায় ব্যর্থতার কারণে সম্রাট ওয়ানলির শাসনামলে সাম্রাজ্য বিভক্ত ও দুর্বল হয়ে পড়ে। সিয়াওতুয়ান তার স্বামীর প্রিয় সঙ্গী ছিলেন না। তাদের কোনো পুত্রসন্তানও ছিল না।

সম্রাট ও সম্রাজ্ঞীর দাম্পত্য সম্পর্ক কেমন ছিল এবং তারা একে অপরের সঙ্গে কীভাবে জীবন কাটিয়েছেন, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। তবে ১৬২০ সালে সিয়াওতুয়ানের মৃত্যুর পর ওয়ানলি তাকে দুটি জাঁকজমকপূর্ণ রাজমুকুটসহ সমাহিত করেন। এর মধ্যে একটি বর্তমানে বেইজিংয়ের চীনের জাতীয় জাদুঘরে চলমান একটি প্রদর্শনীর মূল আকর্ষণ। জাদুঘর কর্তৃপক্ষ এই মুকুটকে তাদের সংগ্রহের অমূল্য নিদর্শন হিসেবে বিবেচনা করে।

সুন্দর নকশার এই মুকুটটি আগে জাদুঘরের প্রাচীন চীনের প্রদর্শনীতে রাখা ছিল। এটি জাদুঘরের অন্যতম জনপ্রিয় দীর্ঘমেয়াদি প্রদর্শনী। চীনের সভ্যতার ইতিহাস তুলে ধরা বিভিন্ন নিদর্শন দেখতে সারা বছরই দেশি-বিদেশি দর্শনার্থীদের ভিড় থাকে সেখানে।

তবে এবার মুকুটটিকে বিশেষ গুরুত্ব দিয়ে আলাদা প্রদর্শনীর কেন্দ্রবিন্দু করা হয়েছে। প্রদর্শনীর নাম ‘মিং রাজদরবারের আচার-অনুষ্ঠানের জাঁকজমক: সম্রাজ্ঞী সিয়াওতুয়ানের ৯টি ড্রাগন ও ৯টি ফিনিক্সখচিত রাজমুকুট’। প্রদর্শনীর মাঝখানে বড় একটি স্বতন্ত্র কাচের বাক্সে মুকুটটি রাখা হয়েছে। দর্শনার্থীরা চারদিক থেকে এর সূক্ষ্ম ও জটিল কারুকাজ উপভোগ করতে পারছেন।

গত ৪ নভেম্বর প্রদর্শনীটি চালুর পর থেকেই সেখানে দর্শনার্থীদের ভিড় বাড়ছে।

প্রদর্শনীর কিউরেটর শি ওয়া বলেন, ‘মুকুটটিকে কেন্দ্র করে বিষয়-ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করায় এর বিভিন্ন দিক তুলে ধরার সুযোগ হয়েছে।‘

তিনি বলেন, ‘এটি শুধু মিং রাজদরবারের একটি অসাধারণ অলংকার নয়। রাজদরবারের আচার-অনুষ্ঠানের মাধ্যমে এটি সামাজিক মর্যাদাক্রম এবং কারুশিল্পের উৎকর্ষও তুলে ধরে।‘

রাজকীয় শিল্পকলার উজ্জ্বল নিদর্শন এই মুকুট। এতে প্রায় ১১৫টি মূল্যবান রত্ন, ৪ হাজার ৪০০টির বেশি মুক্তা এবং অন্যান্য দামি উপকরণ ব্যবহার করা হয়েছে। অত্যন্ত সূক্ষ্ম কারুকাজে এতে এক সারি ড্রাগনের ওপরে উড়ন্ত ফিনিক্স পাখির বৃত্তাকার নকশা ফুটিয়ে তোলা হয়েছে। চারপাশে রয়েছে রত্নখচিত ফুলের নকশা।

তিন শতাব্দীরও বেশি সময় মাটির নিচে থাকার পর ১৯৫৬ সালে আবার আলোতে আসে মুকুটটি। ওই বছর বেইজিংয়ের ছাংফিং জেলায় অবস্থিত তিংলিং মাওসোলেমের সমাধিক্ষেত্র খননের সময় এটি আবিষ্কৃত হয়।

তিংলিং মিং সম্রাটদের ১৩টি সমাধির একটি। বিশাল এলাকাজুড়ে অবস্থিত এসব সমাধি সম্মিলিতভাবে মিং সমাধি নামে পরিচিত। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এই সমাধিতে সম্রাট ওয়ানলি, সম্রাজ্ঞী সিয়াওতুয়ান এবং সম্রাটের আরেক স্ত্রী সিয়াওচিংয়ের কফিন রয়েছে। সিয়াওচিং ছিলেন ওয়ানলির জ্যেষ্ঠ পুত্র ও পরবর্তী উত্তরাধিকারী চু ছাংলুওর মা।

এই দুই নারীকে প্রত্যেককে দুটি করে রাজমুকুটসহ সমাহিত করা হয়েছিল। চারটি মুকুটই লাল রঙের ল্যাকার দিয়ে তৈরি বাক্সে রাখা ছিল।

৯টি ড্রাগন ও ৯টি ফিনিক্সের নকশা করা মুকুটটি ছাড়াও সিয়াওতুয়ানের অন্য মুকুটটিতে রয়েছে ছয়টি ড্রাগন ও তিনটি ফিনিক্সের নকশা। সেটি বর্তমানে মিং সমাধি জাদুঘরের সংগ্রহে রয়েছে।

শি বলেন, ‘তিংলিং মাওসোলেম থেকে উদ্ধার করা ১০টি অলংকার প্রদর্শনীর জন্য মিং সমাধি জাদুঘর থেকে ধার নেওয়া হয়েছে। এগুলো মুকুটটির পাশাপাশি রাখা হয়েছে।‘

প্রদর্শনীর শেষ অংশে রয়েছে একটি নিমগ্ন অভিজ্ঞতাভিত্তিক অ্যানিমেশন। মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত পর্দায় মিং আমলের ব্যস্ত বেইজিংয়ের রাস্তার দৃশ্য তুলে ধরা হয়েছে। রাজকীয় রাজধানীতে আসা এক বিদেশি বণিকের দৃষ্টিকোণ থেকে এসব দৃশ্য কল্পনা করা হয়েছে। ওই বণিককে প্রথমে রাজকীয় আদেশে বিভিন্ন পণ্য তৈরি করা কারিগরদের কর্মশালা পরিদর্শন করতে দেখা যায়। এরপর তিনি প্রাসাদে প্রবেশ করে সম্রাটকে রত্ন উপহার দেন। এসব রত্নের কিছু হয়তো রাজমুকুট তৈরিতে ব্যবহার করা হয়েছিল।

জাতীয় জাদুঘরের সাংস্কৃতিক পণ্য বিভাগের ডিজাইনাররা লক্ষ্য করেন, ছবি তোলার সময় নারীরা এমন কোণ বেছে নেওয়ার চেষ্টা করেন, যাতে ছবিতে তাদের মাথায় মুকুট পরিহিত মনে হয়। এই পর্যবেক্ষণ থেকেই প্রথম মুকুটের নকশায় ম্যাগনেট তৈরির ধারণা আসে। ২০২৪ সালের জুলাইয়ে এগুলো বাজারে ছাড়া হলে তাৎক্ষণিকভাবে ব্যাপক জনপ্রিয়তা পায়।

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত মুকুটের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা প্রায় ১০০ ধরনের স্মারকপণ্য তৈরি করেছি।‘

বর্তমান মুকুট প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে নতুন করে আরও এক ডজন পণ্য বাজারে আনা হয়েছে।

সিএমজি