কিশোরগঞ্জে ইমাম-উলামাদের আপত্তিতে ‘অ্যাশেজ’ ব্যান্ডের কনসার্ট স্থগিত

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ ১৯ আগস্ট ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইমাম-উলামা পরিষদ ও স্থানীয় ধর্মীয় নেতাদের তীব্র আপত্তি এবং প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত কনসার্টটি স্থগিত করা হয়েছে। কনসার্টটি আয়োজনের বিষয়টি সামনে আসার পর থেকেই স্থানীয় পর্যায়ে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তা বাতিল করতে বাধ্য হয় আয়োজক কর্তৃপক্ষ।

জানা গেছে, কনসার্ট আয়োজনের বিষয়টি নিয়ে ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে জোরালো আপত্তি জানানো হয়। তাদের মূল অভিযোগ, কনসার্টে গান-বাজনার আয়োজন ইসলামী শরিয়তবিরোধী। এ কারণে তারা অনুষ্ঠানটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। কিশোরগঞ্জে শরিয়তবিরোধী গান-বাজনা ও কনসার্ট বন্ধের দাবিতে সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ১৯ আগস্ট ২০২৬ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গান-বাজনা ও কনসার্টের আয়োজন করা হয়েছে, যা স্থানীয় ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতির পরিপন্থী।

স্মারকলিপিতে ইমাম-উলামারা আরও দাবি করেন, অতীতে কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় ধর্মপ্রাণ জনতা ও উলামায়ে কেরামের বিরোধিতার কারণে তা সফল হতে পারেনি। এবারও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। এ কারণে ১৯ আগস্ট পুরাতন স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের প্রতি বিশেষ অনুরোধ জানান তারা। স্মারকলিপির অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

সেই আবেদনের প্রেক্ষিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয়। কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে অ্যাশেজ ব্যান্ড। সেখানে তারা লিখেছে, ‘প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।’ তবে কনসার্টটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো নতুন কোনো তারিখ বা সিদ্ধান্ত জানানো হয়নি।

অ্যাশেজইমাম-উলামা পরিষদকনসার্টকিশোরগঞ্জস্থগিত