আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির মাঠে সক্রিয় করার লক্ষ্যে জামায়াতে ইসলামী দেশের রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করে তুলছে কি না, তা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। শুক্রবার (২৮ আগস্ট) সকালে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কারকাজ শেষে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার সময় তিনি এ মন্তব্য করেন।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস অতিক্রান্ত হয়েছে উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মতো দীর্ঘদিনের বড় সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এসব সংকট নিরসনে সরকারের কিছুটা সময়ের প্রয়োজন। অথচ দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিরোধী পক্ষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা দেশের স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে বলে তিনি মন্তব্য করেন।
আগামী নির্বাচন প্রসঙ্গে মো. আবদুস সালাম বলেন, একমাত্র ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব। তিনি আশা প্রকাশ করেন যে, বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন ও গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং জনগণের অধিকার নিশ্চিত করবে। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
দীর্ঘদিন সংস্কারের অভাবে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। ব্রিজটির বিভিন্ন স্থানে মরিচা ধরে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের ভোগান্তির কথা বিবেচনা করে দক্ষিণ সিটি করপোরেশন অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটি সংস্কার করেছে। সংস্কার শেষে ব্রিজটি খুলে দেওয়ায় এলাকার প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন। যদিও এটি যানবাহন চলাচলের উপযোগী নয়, তবে এখন থেকে স্থানীয়রা নিরাপদে পায়ে হেঁটে ব্রিজটি পার হতে পারবেন।