হরমুজে মার্কিন ডুবোজাহাজ আটকের দাবি ইরানের

ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে যে, হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক মানববিহীন ডুবোজাহাজ আটক করেছে তারা।

আইআরজিসির সরকারি সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানায়, গোয়েন্দা তথ্য ও সামরিক অভিযানের মাধ্যমে এ ডুবোজাহাজটি আটক করা হয়। তাদের দাবি, ডাইভ এলডি নামের এ যানটি ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীতে যুক্ত হয়।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, ডুবোজাহাজটির দৈর্ঘ্য প্রায় ৫ দশমিক ৮ মিটার এবং ওজন প্রায় ৩ টন। এটি টানা ১০ দিন পানির নিচে থাকতে পারে এবং সর্বোচ্চ ৬ হাজার মিটার গভীরতায় চলতে সক্ষম। গোয়েন্দা নজরদারি, সমুদ্রতল জরিপ এবং মাইন শনাক্তকরণসহ বিভিন্ন কাজে এটি ব্যবহার করা হয়।

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানায়, আঞ্চলিক জলসীমা জরিপের সময় একদিন আগে তাদের একটি পানির নিচের ড্রোনে ত্রুটি দেখা দেয়। তবে, সেটি ইরান আটক করেছে কি না, তা নিশ্চিত করেনি।

সূত্র: সিএমজি