‘শাইনিং স্টারস’: এশিয়ান গেমসের মঞ্চে চীনা ক্রীড়াবিদদের নতুন সাজ

আগস্ট ৪, সিএমজি বাংলা ডেস্ক : ২০২৬ এশিয়ান গেমসের জন্য চীনা ক্রীড়াবিদদের পদক বিতরণী অনুষ্ঠানের নতুন পোশাক উন্মোচন করেছে চীনের অলিম্পিক কমিটি।

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে চীনের খেলোয়াড়রা মঞ্চে যে পোশাক পরবেন, তার নাম দেওয়া হয়েছে ‘শাইনিং স্টারস’। সোমবার বেইজিং ন্যাশনাল অলিম্পিক স্পোর্টস সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে পোশাকটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এতে বর্তমান ও সাবেক অনেক ক্রীড়াবিদ অংশ নেন।

নতুন পোশাকের নকশায় ব্যবহার করা হয়েছে নীল রঙের বিভিন্ন ছোঁয়া এবং তারার মতো রেখার নকশা। এতে চীনের প্রাচ্য ঐতিহ্যের সৌন্দর্যের সঙ্গে আধুনিক ক্রীড়া পোশাকের প্রযুক্তিগত ভাবনার সমন্বয় ঘটানো হয়েছে।

চীনা অলিম্পিক কমিটির মতে, পোশাকের তারার নকশা প্রতীকীভাবে তুলে ধরে খেলোয়াড়দের প্রতিটি অসাধারণ পারফরম্যান্সের উজ্জ্বল মুহূর্তকে। প্রতিযোগিতার কঠিন সময়ে নিজেদের সেরাটা দেওয়ার মাধ্যমে ক্রীড়াবিদরা যেন আলোর মতো জ্বলে ওঠেন—এই বার্তাই রয়েছে নকশাটিতে।

পদক বিতরণী জ্যাকেটের প্রধান রং রাখা হয়েছে ‘মুনলাইট ব্লু’। গভীর সমুদ্র ও বিশাল আকাশ থেকে অনুপ্রাণিত এই রং একদিকে শান্ত ও দৃঢ়তার প্রতীক, অন্যদিকে ভবিষ্যতমুখী প্রযুক্তির অনুভূতিও প্রকাশ করে।

২০২৬ এশিয়ান গেমসের পোশাক উন্মোচনের এই আয়োজন চীনের ক্রীড়া ইতিহাসের আরেকটি বিশেষ মুহূর্তও স্মরণ করিয়ে দিয়েছে। ৩৬ বছর আগে ১৯৯০ সালে প্রথমবার এশিয়ান গেমস আয়োজন করেছিল চীন। সেই সময় থেকে আজ পর্যন্ত দেশটির ক্রীড়া সংস্কৃতি ও ক্রীড়া সরঞ্জামের উন্নয়নের পথও অনেক দূর এগিয়েছে।

সূত্র: সিএমজি