ফুতান বিশ্ববিদ্যালয়ে ওয়াং ছুচাংয়ের পাণ্ডিত্য ও ক্যালিগ্রাফি প্রদর্শনী

সাকিব সিকান্দার

শাংহাইয়ে চীনের পণ্ডিত ও ক্যালিগ্রাফার ওয়াং ছুচাং-কে নিয়ে একটি বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। ফুতান বিশ্ববিদ্যালয়ের ফুতান শিল্প জাদুঘরে ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী বছরের ২৫ মার্চ পর্যন্ত। এ প্রদর্শনীতে জনসাধারণ তো বটেই, বিশেষ করে তারুণ্যের উপস্থিতি ও আগ্রহ চোখে পড়ার মতো।

ফুতান বিশ্ববিদ্যালয়ের ফুতান আর্ট ইনস্টিটিউটের স্কুল অব ফিলোসফি এবং ফুতান শিল্প জাদুঘর যৌথভাবে এর আয়োজন করেছে। ‘স্কলারশিপ ও ওয়াং ছুচাংয়ের ক্যালিগ্রাফি শিল্প’ শিরোনামের এ প্রদর্শনীতে পাণ্ডিত্য ও ক্যালিগ্রাফি— উভয় ক্ষেত্রেই তার অবদান তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীতে চারটি অধ্যায়ে ১০০টির বেশি শিল্পকর্ম, পাণ্ডুলিপি, চিঠি ও ব্যক্তিগত নথি স্থান পেয়েছে। এর মধ্যে কিছু উপকরণ প্রথমবারের মতো জনসাধারণের সামনে প্রদর্শিত হচ্ছে। এসব নিদর্শনের মাধ্যমে পণ্ডিত, কবি, দেশপ্রেমিক ও ক্যালিগ্রাফার— এই চার পরিচয়ে ওয়াং ছুচাংয়ের বহুমাত্রিক জীবন ও ব্যক্তিত্ব তুলে ধরা হয়েছে।

প্রদর্শনীর উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে রয়েছে তার লেখা আটটি ঝুলন্ত স্ক্রল। এগুলোতে সোং রাজবংশের (৯৬০–১২৭৯) দেশপ্রেমিক কবি ওয়েন থিয়ানসিয়াংয়ের (১২৩৬–১২৮৩) কবিতা তুলে ধরা হয়েছে। ওয়াং ১৯৮৭ সালে এটি লিখেছিলেন। এ ছাড়া রয়েছে মা কুওছুয়ানের ‘চাংকাও ডিকশনারি’র জন্য ১৯৮২ সালে তার লেখা ভূমিকার অ্যালবাম।

চাংকাও চীনা ক্যালিগ্রাফির একটি প্রাচীন দ্রুতলিখন পদ্ধতি, যা প্রাচীন চীনের দাপ্তিরিক লিপি বিকশিত হয়েছিল। ওয়াং এ চর্চা শুরু করার আগে শিল্পরীতিটি প্রায় হারিয়ে যেতে বসেছিল। ছিন ও হান রাজবংশের সিল ও দাপ্তরিক লিপি এবং বাঁশ ও রেশমের পাণ্ডুলিপি থেকে ধারণা নিয়ে তিনি হাজার বছরের পুরনো এ শিল্পরীতিতে নতুন প্রাণ সঞ্চার করেন।

প্রদর্শনীর অন্যতম কিউরেটর এবং ফুতান আর্ট ইনস্টিটিউটের নির্বাহী ডিন সুন সিয়াংছেন বলেন, ‘এর আগে শাংহাইয়ের বিভিন্ন স্থানে তার ক্যালিগ্রাফি প্রদর্শিত হয়েছে। তবে এই প্রথম কোনো প্রদর্শনীতে তার পাণ্ডিত্য ও ক্যালিগ্রাফি— উভয় ক্ষেত্রের অবদান সামগ্রিকভাবে তুলে ধরা হয়েছে।’

প্রদর্শনীর গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর মধ্যে রয়েছে লিয়াওনিং প্রাদেশিক জাদুঘর থেকে ধার নেওয়া শিল্পকর্ম এবং ওয়াংয়ের পরিবারের দান করা পাণ্ডুলিপি।

ওয়াং ছুচাং (১৯০০–১৯৮৯) চেচিয়াং প্রদেশের চিয়াসিংয়ের বাসিন্দা ছিলেন। তিনি একজন খ্যাতিমান দার্শনিক, ইতিহাসবিদ ও ক্যালিগ্রাফার হিসেবে সুপরিচিত। কয়েক দশক ধরে তিনি বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষকতা করেছেন।

সূত্র: সিএমজি