স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ বৈধ প্রার্থী হতে পারবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা প্রতীকের কোনো সুযোগ নেই। তাই আইন অনুযায়ী যোগ্যতা সম্পন্ন যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠকে অংশ নেন।

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে প্রার্থী হলে বিএনপির অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে অংশ নিচ্ছে না। তিনি আরও বলেন, “এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই। কারণ, দলীয় মনোনয়নও থাকছে না, দলীয় প্রতীকও থাকছে না।”

মীর শাহে আলম জানান, বিএনপি স্থানীয়ভাবে দল-সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী নির্ধারণের জন্য দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে স্থানীয় নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আলাদা কোনো অবস্থান নেবে না বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের মূল দায়িত্ব হলো নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা করা। যেহেতু দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না, তাই আইন অনুযায়ী যারা বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন, সেজন্য নির্বাচন কমিশনকে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

আওয়ামী লীগনির্বাচন কমিশনবিএনপিমীর শাহে আলমস্থানীয় সরকার নির্বাচন