রাতের আকাশের পটভূমিতে আলো-ছায়াকে তুলির আঁচড় হিসেবে ব্যবহার করে, গতকাল রোববার সন্ধ্যায় চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই শহরের আকাশে দুই হাজার ড্রোনের বর্ণাঢ্য আলোক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। চীনের গণমুক্তি ফৌজের বিমানবাহিনী—পিএলএএএফের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ধারাবাহিক কর্মসূচির সূচনা হয় এই প্রদর্শনীর মধ্য দিয়ে।
চুহাইয়ের উপকূলীয় আকাশে ড্রোনগুলো ক্ষণে ক্ষণে নিজেদের বিন্যাস বদলে তৈরি করে বিভিন্ন যুদ্ধবিমানের প্রতিকৃতি। এর মধ্যে ছিল জে-২০, জে-৩৫এ ও জে-১৬-এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমানের ছবি। পাশাপাশি আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ‘আকাশ ও মহাকাশের সমন্বয়, আক্রমণ ও প্রতিরক্ষার ঐক্য’ এবং ‘নতুন যুগের জন্য প্রচেষ্টা’-এর মতো স্লোগান।
‘শেকড়ের সন্ধান, স্বপ্নের অনুসরণ এবং দৃঢ় সংকল্পে এগিয়ে চলা’ শীর্ষক ধারাবাহিক কর্মসূচির উদ্বোধনী আয়োজন ছিল এই ড্রোন প্রদর্শনী। এতে মোট ১৫টি ঐতিহাসিক ও প্রতীকী নকশা তুলে ধরা হয়। এসব নকশার মাধ্যমে নতুন যুগে চীনের বিমানবাহিনীর রূপান্তর ও উন্নয়নের সাফল্য, গুরুত্বপূর্ণ অস্ত্র ও সরঞ্জাম এবং সামরিক ব্যবস্থার আধুনিকায়নের চিত্র তুলে ধরা হয়।
২০২৬ সালের ১১ নভেম্বর চীনের গণমুক্তি ফৌজের বিমানবাহিনীর প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী পালিত হবে। এ উপলক্ষে থিয়েনচিনের হুয়াংইয়াগুয়ান মহাপ্রাচীরের ওপর দিয়ে অ্যারোবেটিক দলের উড্ডয়ন এবং চিলিন প্রদেশের ছাংছুনে অবস্থিত ব্লু স্কাই পার্কের আকাশে বিমানবাহিনী এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের ‘রেড ঈগল’ অ্যারোবেটিক দলের প্রদর্শনী উল্লেখযোগ্য।
এসব আয়োজনের মধ্য দিয়ে চীনের বিমানবাহিনীর সদস্যদের উচ্চ মনোবল, আকাশে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রত্যয় এবং জাতীয় আকাশসীমার নিরাপত্তা রক্ষায় তাদের দায়িত্ব ও অঙ্গীকার তুলে ধরা হবে।
সূত্র: সিএমজি