শেনচেন এপেক সম্মেলনের তিন প্রতীকী তাৎপর্য তুলে ধরলেন স্পেনীয় বিশেষজ্ঞ

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক শাসনব্যবস্থা সম্পর্কে চীনের ধারণা তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে চীনের শেনচেন শহরে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সংস্থার সম্মেলন। এমন মন্তব্য করেছেন স্পেনের চীনবিষয়ক বিশেষজ্ঞ হুলিও রিওস পেরেদেস।

সম্প্রতি তাঁর লেখা ‘শেনচেন এপেক অনানুষ্ঠানিক নেতৃবৃন্দের সম্মেলন: তিনটি প্রতীকী তাৎপর্য ও দ্বৈত প্রদর্শন’ শীর্ষক একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এপেকের ৩৩তম অনানুষ্ঠানিক নেতৃবৃন্দের সম্মেলনের আয়োজক শহর শেনচেন কেবল চীনের আধুনিকায়নের প্রদর্শনী-জানালা নয়, বরং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক শাসনব্যবস্থা সম্পর্কে চীনের সুনির্দিষ্ট ধারণা বিশ্ববাসীর সামনে তুলে ধরার একটি মঞ্চও।

নিবন্ধে সম্মেলনের তিনটি প্রতীকী তাৎপর্য তুলে ধরা হয়েছে, যা আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গণ্ডি ছাড়িয়ে আরও বিস্তৃত গুরুত্ব বহন করে।

প্রথমত, শেনচেন চীনের উন্নয়ন ও রূপান্তরের প্রতীক। কয়েক দশকের ব্যবধানে শহরটি একটি পিছিয়ে পড়া সীমান্তবর্তী ছোট জনপদ থেকে আধুনিক আন্তর্জাতিক মহানগরে পরিণত হয়েছে। ১৯৮০ সালে চীনের প্রথম দফার অর্থনৈতিক বিশেষ অঞ্চলগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সময় শেনচেনের আঞ্চলিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) ছিল মাত্র ২৭ কোটি ইউয়ান। ২০২৪ সালে তা ৩ দশমিক ৬৮ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়।

বর্তমানে টেলিযোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বৈদ্যুতিক যানবাহন এবং নতুন জ্বালানি প্রযুক্তিসহ বিভিন্ন শিল্প খাতে শেনচেন একটি মানদণ্ডে পরিণত হয়েছে। এক অর্থে, শহরটি শিল্পায়ন ও বিশ্বায়নের সুযোগ কাজে লাগানোর প্রাথমিক পর্যায় থেকে প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্প রূপান্তরের অগ্রভাগে পৌঁছানোর পথে চীনের উত্তরণকে প্রতিফলিত করছে।

দ্বিতীয়ত, এপেক বিশ্ব অর্থনীতিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরছে। এপেকের ২০২৫ সালের হিসাব অনুযায়ী, সংস্থাটির ২১টি সদস্য অর্থনীতি বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬১ শতাংশ এবং মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশের প্রতিনিধিত্ব করে। এটি দেখায় যে, আমরা বিশ্ব অর্থনীতির কেন্দ্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে স্থানান্তরিত হওয়ার সাক্ষী হচ্ছি। এই প্রক্রিয়ায় চীনের সিদ্ধান্তমূলক প্রভাব রয়েছে। বর্তমান আন্তর্জাতিক অর্থনীতিতে বিদ্যমান সংরক্ষণবাদী প্রবণতা ও উত্তেজনার মুখে, এপেক একটি মঞ্চ প্রতিষ্ঠা করে, যেখানে দেশগুলো সহযোগিতা, উন্মুক্ততা এবং আঞ্চলিক একীকরণের মাধ্যমে এই পরিবর্তনগুলো মোকাবিলা করতে পারে।

তৃতীয়ত, সম্মেলনটির ভূরাজনৈতিক তাৎপর্যও রয়েছে। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নেতাদের এপেকের অনানুষ্ঠানিক নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দিতে শেনচেনে সমবেত হওয়া বৈঠকটিকে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গণ্ডি ছাড়িয়ে আরও বিস্তৃত রাজনৈতিক গুরুত্ব দিয়েছে।

নিবন্ধে বলা হয়েছে, চীনের প্রস্তাবিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অভিন্ন ভবিষ্যতের সমাজ গড়ে তোলার ধারণার সঙ্গে এ তিনটি প্রতীকী তাৎপর্য ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এ ধারণার মূল ভিত্তি হলো, চীনের উন্নয়নকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। একইভাবে এ অঞ্চলের সমৃদ্ধিও চীনের উন্নয়ন থেকে বিচ্ছিন্ন নয়।

সিএমজি