জিডিআইয়ের পঞ্চমবার্ষিকী: নতুন আহ্বান সি চিন পিংয়ের

বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের সংলাপে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বার্তায় সি চিন পিং বলেন, উন্নয়ন মানবসমাজের চিরন্তন বিষয় এবং মানবজাতির কল্যাণ বৃদ্ধির অন্যতম প্রধান চাবিকাঠি। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়।

সি চিন পিং স্মরণ করেন, পাঁচ বছর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ প্রস্তাব করেছিলেন। বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা এগিয়ে নেয়া, বিশ্বব্যাপী উন্নয়নের কার্যক্রমকে নতুন গতি এবং জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের গতি ত্বরান্বিত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, গত পাঁচ বছরে সংশ্লিষ্ট সব পক্ষের যৌথ প্রচেষ্টায় জিডিআই ব্যাপকভাবে বাস্তবায়িত হয়েছে। এই উদ্যোগের আওতায় বিভিন্ন সহযোগিতা প্রকল্প বিশ্বের ১২০টিরও বেশি দেশে বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে এবং এর সুফল পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে অভিন্ন উন্নয়ন ও পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতার একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বলেও উল্লেখ করেন।

বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের সদস্য হিসেবে চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান সি। তিনি বলেন, জনগণকেন্দ্রিক উন্নয়ন দর্শনকে সমুন্নত রাখা, এগিয়ে নেওয়া এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চীন অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে চীন নতুন ও আরও বড় অবদান রাখতে প্রস্তুত বলেও বার্তায় উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট।

সূত্র: সিএমজি বাংলা