তিন দেশের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে হান চেংয়ের বৈঠক

চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং সোমবার দেশটির সিয়ামেন শহরে বুলগেরিয়া, কম্বোডিয়া এবং সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেছেন। ২৬তম চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলায় অংশ নিতে তারা সিয়ামেনে আছেন।

বুলগেরিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার পুলেভের সঙ্গে বৈঠকে হান চেং বলেন, দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন-বুলগেরিয়া সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোয় এগিয়েছে। কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা থেকে দুই দেশের জনগণ উপকৃত হচ্ছে।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি চীন-ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়নে বুলগেরিয়ার ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন হান চেং।

কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী সুন চানথোলের সঙ্গে বৈঠকে হান চেং বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান। এ সময় সুন চানথোল এক চীন নীতির প্রতি কম্বোডিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রী আদ্রিয়ানা মেসারোভিচের সঙ্গে বৈঠকে হান চেং অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও উদীয়মান শিল্পে সহযোগিতা বাড়ানোর কথা বলেন। মেসারোভিচও চীনের সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

সূত্র: সিএমজি