দারিদ্র্য বিমোচনে সহযোগিতা জোরদার এবং এ ক্ষেত্রে অগ্রগতি ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করবে চীন। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে এক সাংবাদিক জানতে চান, বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে দারিদ্র্য হ্রাসে চীনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকেও দারিদ্র্য বিমোচনে মূল্যবান অভিজ্ঞতা দিয়েছে চীন। এ বিষয়ে বেইজিংয়ের মন্তব্য কী?
জবাবে মাও নিং বলেন, চীন ঐতিহাসিকভাবে চরম দারিদ্র্য দূর করেছে এবং জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন কর্মসূচিতে নির্ধারিত দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নির্ধারিত সময়ের ১০ বছর আগেই অর্জন করেছে। এর মধ্য দিয়ে জনগণকে কেন্দ্র করে বাস্তব পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার, ‘একজনও পিছিয়ে থাকবে না’—এই মানবিক দৃষ্টিভঙ্গি এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে অবিচল প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।
সূত্র: সিএমজি