চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে শেনচৌ-২৪ মিশনের আওতায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তিগত যাচাই কার্যক্রম পরিচালনা করা হবে। মঙ্গলবার এ তথ্য দেয় চায়না ম্যানড স্পেস এজেন্সি।
উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইন উৎক্ষেপণকেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির জ্যেষ্ঠ প্রকৌশলী ও মুখপাত্র চাং চিংপো এ কথা বলেন।
তিনি জানান, ‘এসব পরীক্ষা ও গবেষণার আওতায় থাকবে মহাকাশে জীবনবিজ্ঞান, মহাকাশ উপাদানবিজ্ঞান, মাইক্রোগ্র্যাভিটি বা ক্ষুদ্র মাধ্যাকর্ষণে তরল পদার্থের পদার্থবিদ্যা ও দহনবিজ্ঞান, মৌলিক পদার্থবিজ্ঞান, মহাকাশ চিকিৎসাবিজ্ঞান এবং অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তি।‘
তিনি আরও বলেন, ‘মহাকাশে জীবনবিজ্ঞান সংক্রান্ত পরীক্ষার অংশ হিসেবে নভোচারীরা ভাসকুলার অর্গান চিপ এবং বিভিন্ন ধরনের অর্গান-অন-এ-চিপ ডিভাইস তৈরি করবেন। এর মাধ্যমে মহাকাশের পরিবেশ রক্তনালির বার্ধক্যসহ শরীরের গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কী প্রভাব ফেলে, তা গবেষণা করা হবে। বয়সজনিত বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসার নতুন কৌশল উদ্ভাবন করাই এর লক্ষ্য।‘
চাং জানান, শেনচৌ-২৩ মিশনের নভোচারীরা ইতোমধ্যে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য গবেষণার ফল পেয়েছেন। তাদের মাল্টি-ওমিকস গবেষণায় দেখা গেছে, মহাকাশযাত্রার ফলে মানুষের শরীর থেকে তৈরি প্রাথমিক জননকোষের বিভাজন ও বিকাশের দক্ষতা প্রায় ৫০ শতাংশ কমে যায়।
মহাকাশ উপাদানবিজ্ঞান গবেষণায় শেনচৌ-২৪-এর নভোচারীরা অতি উচ্চ তাপমাত্রা সহনশীল নিয়োবিয়াম-সিলিকন আন্তঃধাতব যৌগ এবং ক্যালসিয়াম-সিলিকন বহু উপাদানবিশিষ্ট বায়োগ্লাসের কক্ষপথে উৎপাদন ও কার্যক্ষমতা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেবেন। পাশাপাশি একক-স্ফটিক সিলিকন ও পেরোভস্কাইট উপাদান নিয়েও বৈজ্ঞানিক গবেষণা চালানো হবে বলে জানান চাং।
তিনি উল্লেখ করেন, শেনচৌ-২৩ মিশনের সময় মহাকাশ স্টেশনে চীনের প্রথম মিলিমিটার-আকারের ডিপ-আলট্রাভায়োলেট নন-লিনিয়ার অপটিক্যাল ক্রিস্টাল তৈরি করা হয়। পটাশিয়াম বেরিলিয়াম ফ্লুরোবোরেট নামের এই স্ফটিকটি ক্ষুদ্র মাধ্যাকর্ষণ পরিবেশে তৈরি করায় এর গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। এটি উচ্চক্ষমতাসম্পন্ন ডিপ-আলট্রাভায়োলেট লেজার যন্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদানভিত্তি তৈরি করেছে।
মহাকাশ চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে স্পেস হিউম্যান রিচার্স প্রোগ্রামের আওতায় গবেষণা অব্যাহত থাকবে বলে জানান চাং। তিনি বলেন, ‘এ কর্মসূচির মধ্যে থাকবে মাল্টি-ওমিকস তথ্য বিশ্লেষণের মাধ্যমে মানুষের মহাকাশযাত্রার একটি পূর্ণাঙ্গ মাল্টি-ওমিকস মানচিত্র তৈরি, দীর্ঘমেয়াদি মহাকাশ মিশনে মানুষের আচরণগত সক্ষমতার পরিবর্তন পরিমাপ এবং মস্তিষ্কের কার্যক্রমের অন্তর্নিহিত প্রক্রিয়া অনুসন্ধান।‘
মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে শেনচৌ-২৪ মিশনে একাধিক কার্যপদ্ধতিসম্পন্ন রাসায়নিক-বিদ্যুৎচালিত হাইব্রিড প্রপালশন-ব্যবস্থা এবং নতুন ধরনের আয়নিক তরল জ্বালানির গুরুত্বপূর্ণ প্রযুক্তি পরীক্ষা করা হবে।
চাং বলেন, শেনচৌ-২৩ মিশনের সময় নভোচারীরা চীনের প্রথম নতুন জ্বালানি-ভিত্তিক শক্তি সঞ্চয়কারী ব্যাটারির কক্ষপথে পরীক্ষার প্ল্যাটফর্মের কাজ সম্পন্ন করেন। তারা সফলভাবে প্রথম দফার সেমি-সলিড ব্যাটারি পরীক্ষা করেন এবং এ-সংক্রান্ত প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেন। এসব তথ্য মহাকাশ স্টেশন ও ভবিষ্যতের চন্দ্র অভিযানের জ্বালানি ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবে।
সিএমজি