সিজিটিএন জরিপ: ক্যান্টন ফেয়ারে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়ন এগিয়ে নিচ্ছে চীন

১৫ অক্টোবর: চীনের কুয়াংচৌ শহরে শুরু হয়েছে ১৪০তম ক্যান্টন ফেয়ার। এ মেলাকে কেন্দ্র করে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সিজিটিএনের উদ্যোগে সম্প্রতি বিশ্বজুড়ে অনলাইন ব্যবহারকারীদের মধ্যে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৮৫ দশমিক ১ শতাংশ উত্তরদাতার মতে, ধারাবাহিকভাবে ক্যান্টন ফেয়ার আয়োজনের মধ্য দিয়ে চীন উচ্চমানের উন্মুক্ততা এগিয়ে নেওয়ার দৃঢ় সংকল্প তুলে ধরছে। একই সঙ্গে এ মেলা সবার জন্য সুফল বয়ে আনে—এমন অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে এগিয়ে নিতে এবং বিশ্বব্যাপী উন্নয়ন ও সমৃদ্ধিতে নতুন গতি সঞ্চার করতে সহায়তা করছে।

জরিপে অংশগ্রহণকারীদের ৮৪ দশমিক ১ শতাংশ মনে করেন, ক্যান্টন ফেয়ার এখন ঐতিহ্যবাহী বাণিজ্যিক লেনদেনের মঞ্চ থেকে বুদ্ধিমান প্রযুক্তিনির্ভর প্রদর্শনী ও সেবামূলক প্ল্যাটফর্মে রূপান্তরিত হচ্ছে। এবারের মেলায় প্রথমবারের মতো নতুন পণ্যের উদ্বোধন ও প্রদর্শনের জন্য বিশেষ এলাকা রাখা হয়েছে।

এখানে ৭০০টিরও বেশি নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। নতুন পণ্য উন্মোচনের সংখ্যা বাড়বে ১৫ শতাংশ। এর মধ্যে সেবামূলক রোবট, বুদ্ধিমান চিকিৎসাসেবা, স্মার্ট উৎপাদন এবং নতুন জ্বালানিসহ ভবিষ্যৎমুখী শিল্পের নতুন পণ্যের সংখ্যা আগের মেলার তুলনায় প্রায় ২০ শতাংশ বাড়বে।

জরিপে ৮৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, এসব উদ্যোগ চীনের বৈদেশিক বাণিজ্যে পণ্যের কাঠামোগত পরিবর্তনকে স্পষ্ট করছে। অর্থাৎ, শুধু উৎপাদন ও বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পরিবর্তে এখন পণ্যের গুণগত মান উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ৮৫ দশমিক ৬ শতাংশ উত্তরদাতার মতে, ‘মেড ইন চায়না’ থেকে ‘চীনের বুদ্ধিমান উৎপাদন’ ব্যবস্থায় উত্তরণ বিশ্বজুড়ে ডিজিটাল অর্থনীতি ও স্মার্ট অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এবারের ক্যান্টন ফেয়ারে বাণিজ্যসেবার জন্য ৯টি বিশেষ অঞ্চল স্থাপন করা হয়েছে। প্রথমবারের মতো উৎপাদনমুখী পরিষেবা শিল্পের ১০টি প্রধান শ্রেণিই এসব অঞ্চলের আওতায় এসেছে। এর ফলে বিদেশের বাজারে ব্যবসা সম্প্রসারণ ও পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে পুরো প্রক্রিয়াজুড়ে সহায়তা দেওয়া সম্ভব হবে। জরিপে অংশ নেওয়া ৮৪ দশমিক ৫ শতাংশ উত্তরদাতার মতে, বাণিজ্যিক লেনদেনের সঙ্গে সেবার সমন্বিত ব্যবস্থা প্রতিষ্ঠান ও পণ্যের আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ ছাড়া, ৮৭ দশমিক ২ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের বিশাল বাজারের সুযোগ ও সুফল ভাগ করে নেওয়ার ক্ষেত্রে ক্যান্টন ফেয়ার আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

জরিপে অংশগ্রহণকারীদের ৭৭ দশমিক ২ শতাংশ সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা চীনের সঙ্গে যৌথভাবে বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা রক্ষা করে, বৈশ্বিক শিল্প ও সরবরাহশৃঙ্খলের স্থিতিশীলতা ও নির্বিঘ্ন কার্যক্রম নিশ্চিত করে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় পারস্পরিক লাভের নতুন সুযোগ আরও সম্প্রসারণ করে।

সূত্র: সিএমজি