চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের বৃহত্তম বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রথম ধাপের টারবাইন থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
চীনের হুয়াতিয়ান নির্মিত এ প্রকল্পটি সিচাংয়ের শাননান শহরের ছোংকিয়াই কাউন্টিতে অবস্থিত। প্রকল্পটির মোট উৎপাদন সক্ষমতা নির্ধারণ করা হয়েছে ৫০০ মেগাওয়াট। প্রথম পর্যায়ের টারবাইনগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ৫ হাজার ১০০ মিটারেরও বেশি উচ্চতায় পাহাড়ের সারিতে স্থাপন করা হয়েছে।
প্রকল্পটির প্রথম পর্যায়ে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এটি পুরোপুরি চালু হলে বছরে প্রায় ৩৯ কোটি ৪০ লাখ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এ পরিমাণ বিদ্যুৎ দিয়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার পরিবারের বার্ষিক বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব।
এ প্রকল্পের মাধ্যমে শীত মৌসুমে সিচাংয়ের বিদ্যুৎ সরবরাহ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যাওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন হ্রাস পায়। এ সময় বায়ুবিদ্যুৎ প্রকল্পটি জলবিদ্যুতের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিএমজি