ইয়াং ওয়েইমিং স্বর্ণা, সিএমজি, বেইজিং
নভেম্বর ১১: চীনের শুল্ক মহাপরিদপ্তরের ১০ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটির পণ্য বাণিজ্যের মোট আমদানি-রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮১ ট্রিলিয়ন ইউয়ানে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। এর মধ্যে রপ্তানি বেড়েছে ১৭ দশমিক ৬ শতাংশ এবং আমদানি ২৩ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ, এ সময়ে রপ্তানির তুলনায় আমদানির প্রবৃদ্ধির হার ছিল বেশি। এই অর্জনকে কীভাবে মূল্যায়ন করা যায়? বর্তমানে চীনের বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে কোন কোন ইতিবাচক দিক বিশেষভাবে লক্ষণীয়?
শুল্ক মহাপরিদপ্তরের পরিসংখ্যান ও বিশ্লেষণ বিভাগের পরিচালক লুই তা লিয়াং বলেন, ‘চলতি বছরের শুরু থেকে নানা ধাক্কা ও চ্যালেঞ্জের মুখেও চীনের অর্থনীতি চাপ মোকাবিলা করে এগিয়ে গেছে এবং নতুন ও উন্নত পর্যায়ের দিকে এগিয়েছে। বাজারের প্রত্যাশা ও প্রতিষ্ঠানগুলোর আস্থা ক্রমাগত বেড়েছে। একই সঙ্গে বৈদেশিক বাণিজ্যও শক্তিশালী প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে। এর স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে।’
প্রথম ১০ মাসে চীনের মোট রপ্তানির পরিমাণ ছিল ২৫ দশমিক ৯৯ ট্রিলিয়ন ইউয়ান। এর মধ্যে যন্ত্রপাতি ও বৈদ্যুতিক পণ্যের রপ্তানি হয়েছে ১৬ দশমিক ৮১ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ২ শতাংশ বেশি। এ ধরনের পণ্য মোট রপ্তানির ৬৪ দশমিক ৭ শতাংশ দখল করেছে। গত বছরের একই সময়ের তুলনায় মোট রপ্তানিতে এসব পণ্যের অংশ বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ।
এ সময়ে সমন্বিত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট এবং মেমোরি উপাদানের রপ্তানি বেড়েছে যথাক্রমে ১০১ দশমিক ৯ শতাংশ ও ১৩২ দশমিক ৫ শতাংশ। থ্রিডি প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা ও শিল্পকারখানায় ব্যবহৃত রোবটের রপ্তানি বেড়েছে যথাক্রমে ১০৪ দশমিক ৮ শতাংশ, ৪১ দশমিক ৪ শতাংশ ও ১৭ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া ‘নতুন তিন ধরনের’ পণ্য, বৈদ্যুতিক মোটরসাইকেল ও সাইকেল এবং বায়ুবিদ্যুৎ উৎপাদনযন্ত্র ও এর যন্ত্রাংশের রপ্তানি বেড়েছে যথাক্রমে ৪৬ দশমিক ৫ শতাংশ, ৩৩ দশমিক ৩ শতাংশ ও ১৯ দশমিক ৭ শতাংশ। এসব পরিসংখ্যান চীনের রপ্তানি পণ্যে বুদ্ধিমত্তা, পরিবেশবান্ধব প্রযুক্তি ও উচ্চমানের পণ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতাকে স্পষ্টভাবে তুলে ধরছে।
লুই তা লিয়াং বলেন, ‘জ্বালানি সরবরাহের ওপর নানা ধরনের চাপের মুখে আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব রূপান্তরসংশ্লিষ্ট পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। চীন তার পূর্ণাঙ্গ শিল্পব্যবস্থা ও উদ্ভাবন সক্ষমতার ওপর নির্ভর করে বিশ্ববাজারে স্থিতিশীল ও নির্ভরযোগ্য পরিবেশবান্ধব পণ্য সরবরাহ করছে।’
আমদানির ক্ষেত্রে দেখা যায়, প্রথম ১০ মাসে চীনের মোট আমদানির পরিমাণ ছিল ১৮ দশমিক ৮২ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৬ শতাংশ বেশি। আমদানির প্রবৃদ্ধির হার রপ্তানির চেয়ে ৬ শতাংশ-পয়েন্ট বেশি। শুধু অক্টোবরেই চীনের আমদানির পরিমাণ ছিল ২ দশমিক ০৮ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৭ শতাংশ বেশি।
লুই তা লিয়াং জানান, প্রথম ১০ মাসে চীন ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আমদানি বাড়িয়েছে। আসিয়ান, লাতিন আমেরিকা ও আফ্রিকা থেকে আমদানির পরিমাণ সংশ্লিষ্ট সময়ের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চীনের বিশাল বাজার বিশ্বের বিভিন্ন দেশের জন্য ক্রমাগত নতুন নতুন ‘চীনা সুযোগ’ তৈরি করছে।
১০ নভেম্বর শেষ হওয়া নবম চীন আন্তর্জাতিক আমদানি মেলা বা সিআইআইই বাস্তব পদক্ষেপের মাধ্যমে আমদানি সম্প্রসারণে চীনের অঙ্গীকারের একটি শক্তিশালী প্রমাণ। এবারের মেলায় এক বছরের জন্য সম্ভাব্য চুক্তির মোট মূল্য দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। এতে মোট ৫১টি বাণিজ্য প্রতিনিধি দল এবং ৭০০টিরও বেশি উপদল অংশ নেয়। নিবন্ধিত দর্শনার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৭০ হাজারের বেশি। একের পর এক বৈঠক, করমর্দন ও চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বিভিন্ন দেশের জন্য চীনের বিশাল বাজারের সম্ভাবনা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
চায়না ন্যাশনাল মেশিনারি ইন্ডাস্ট্রি গ্রুপের পার্টি কমিটির সদস্য ও উপমহাব্যবস্থাপক লি শিয়াওইউ বলেন, ‘এবারের মেলায় আমাদের প্রতিষ্ঠান বিদেশি অংশীদারদের সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানি সরঞ্জাম, উচ্চমানের যন্ত্রপাতি এবং কৃষিপণ্যের সরবরাহব্যবস্থার জন্য পণ্য সংগ্রহসহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি করেছে। আমরা যে ফিল্ম উৎপাদন লাইন, এডি স্পিনিং মেশিন এবং শিল্পকারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি করেছি, সেগুলো উৎপাদনের গুরুত্বপূর্ণ পর্যায়গুলোর বুদ্ধিমান রূপান্তরে শক্তিশালী সহায়তা দিচ্ছে।’
এদিকে, চীনের বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধির ধারা শক্তিশালী থাকার পাশাপাশি এর কাঠামোগত ক্ষেত্রেও বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।
আরও সুসংহত চীনের বাজারের বৈচিত্র্য
প্রথম ১০ মাসে চীন ১৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে আমদানি-রপ্তানি বাড়িয়েছে। এর মধ্যে আসিয়ান, লাতিন আমেরিকা ও আফ্রিকার মতো উদীয়মান বাজারের সঙ্গে আমদানি-রপ্তানি বেড়েছে যথাক্রমে ২৪ দশমিক ২ শতাংশ, ১৪ দশমিক ৪ শতাংশ ও ১৭ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় যৌথভাবে নির্মাণে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে চীনের আমদানি-রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ২২ দশমিক ৮৮ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৫ শতাংশ বেশি।
উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অগ্রগতি জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে চীন ও এই উদ্যোগে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বৈদেশিক বাণিজ্যে দ্বিমুখী সহযোগিতা ও পারস্পরিক সুবিধা অর্জনের প্রবণতা আরও স্পষ্ট হচ্ছে। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীন প্রায় ৮০ শতাংশ অংশগ্রহণকারী দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাড়িয়েছে। এসব দেশ চীনের মোট আমদানি-রপ্তানির ৫১ শতাংশ দখল করেছে। একই সময়ে চীনের বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধিতে তাদের অবদান ছিল ৪৭ দশমিক ১ শতাংশ।
বিভিন্ন ধরনের বৈদেশিক বাণিজ্য পরিচালনাকারী প্রতিষ্ঠানও সমন্বিতভাবে এগিয়ে যাচ্ছে।
প্রথম ১০ মাসে চীনের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ২৫ দশমিক ৪৬ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১ শতাংশ বেশি। দেশটির মোট আমদানি-রপ্তানির ৫৬ দশমিক ৮ শতাংশই এসেছে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে।
একই সময়ে বিদেশি বিনিয়োগে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ১৩ দশমিক ১৫ ট্রিলিয়ন ইউয়ান, যা ২০ দশমিক ৪ শতাংশ বেশি। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ৬ দশমিক ১২ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ বেশি।
লুই তা লিয়াং বলেন, ‘প্রথম ১০ মাসে চীনের বেসরকারি, বিদেশি বিনিয়োগে পরিচালিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানির প্রবৃদ্ধির হার প্রায় সমান ছিল। এটি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সমন্বিত উন্নয়নের প্রবণতাকে তুলে ধরে। চীনের পূর্ণাঙ্গ শিল্পব্যবস্থা, বিশাল বাজারের সম্ভাবনা, উদ্ভাবনের বিস্তৃত ক্ষেত্র এবং উন্নত ব্যবসায়িক পরিবেশ—এসবই প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ, উদ্ভাবন ও উন্নয়নের জন্য নির্ভরযোগ্য ভিত্তি এবং আত্মবিশ্বাসের উৎস।’
নতুন গতিতে মধ্য ও পশ্চিমাঞ্চল
প্রথম ১০ মাসে চীনের মধ্য ও পশ্চিমাঞ্চলের আমদানি-রপ্তানির পরিমাণ বেড়েছে ২৪ দশমিক ৫ শতাংশ। এ অঞ্চলের প্রবৃদ্ধির হার জাতীয় গড়ের চেয়ে ৪ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট বেশি।
লুই তা লিয়াং বলেন, বহুমুখী পরিবহনব্যবস্থার মাধ্যমে শুল্ক ছাড়করণ প্রক্রিয়ার সংস্কার, উদ্ভাবন ও সম্প্রসারণের ফলে সড়ক, রেল, নৌপথ ও আকাশপথের মতো বিভিন্ন পরিবহন ও সরবরাহপথের মধ্যে কার্যকর সমন্বয় ও সংযোগ প্রতিষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে চীন-ইউরোপ রেলপথ এবং পশ্চিমাঞ্চলীয় স্থল-সমুদ্র নতুন বাণিজ্য করিডোরের পরিবহন সক্ষমতাও ক্রমাগত বাড়ছে। এসব উদ্যোগ চীনের মধ্য ও পশ্চিমাঞ্চলের বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে শক্তিশালী সহায়তা জোগাচ্ছে।