ফ্রান্সের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং - Mati News
Friday, March 13

ফ্রান্সের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং

মার্চ ১৩: সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ফ্রান্সের প্রোভঁস-আল্পস-কোত দাজুর অঞ্চলের একটি আন্তর্জাতিক স্কুলের চীনা ভাষা ক্লাসের শিক্ষক ও শিক্ষার্থীদের লেখা একটি চিঠির উত্তর দিয়েছেন। চিঠিতে তিনি তাদের এবং স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান।

সি চিন পিং বলেন, চীনা ভাষা ৫ হাজার বছরের প্রাচীন চীনা সভ্যতাকে বহন করে চলেছে। ছোট ছোট বর্গাকার অক্ষরগুলোর মধ্যে ইতিহাসের মহান প্রজ্ঞা নিহিত রয়েছে। চীনা ভাষা শেখার মাধ্যমে প্রাচীন ও আধুনিক—উভয় চীনকেই জানার একটি জানালা উন্মুক্ত হয় এবং চীন ও ফ্রান্সের মধ্যে আরও উজ্জ্বল ভবিষ্যতের সেতু নির্মাণের সুযোগ সৃষ্টি হয়।

সি চিন পিং জোর দিয়ে বলেন, আরও বেশি ফ্রান্স ও ইউরোপের তরুণ-তরুণীদের চীনে পড়াশোনা, সফর ও ভ্রমণকে স্বাগত জানানো হবে। এখানে তাঁরা একটি বাস্তব, বহুমুখী, উন্মুক্ত এবং প্রগতিশীল চীনকে সরাসরি দেখার ও অনুভব করার সুযোগ পাবে। তখন, চীনা ভাষা তাদের আজীবনের বন্ধু হয়ে উঠবে।

সি আরও উল্লেখ করেন, চলতি বছর চীনের ‘অশ্ববর্ষ’। অশ্ব হলো সহনশীলতা, সাহস ও অগ্রগতির প্রতীক। তিনি আশা করেন, শিক্ষার্থীরা চীন-ফ্রান্স এবং চীন-ইউরোপ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এই মহান প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে।

উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সের প্রোভঁস-আল্পস-কোত দাজুর অঞ্চলের সেই আন্তর্জাতিক স্কুলের চীনা ভাষা ক্লাসের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা প্রেসিডেন্ট সি চিন পিংকে একটি চিঠি লেখেন। চিঠিতে তাঁরা চীনা ভাষা শেখার অভিজ্ঞতা এবং চীনা সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসার কথা তুলে ধরেন। পাশাপাশি, চীন ও ফ্রান্সের মধ্যে যুব পর্যায়ের পারস্পরিক আদান-প্রদান বৃদ্ধি এবং দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও গভীরতর করার ইতিবাচক আগ্রহের কথা ব্যক্ত করা হয় চিঠিতে। (প্রেমা/আলিম/ছাই)

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *