যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ব্যর্থ হতে বাধ্য: ইরানের সামরিক উপদেষ্টা - Mati News
Monday, April 13

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ব্যর্থ হতে বাধ্য: ইরানের সামরিক উপদেষ্টা

এপ্রিল ১৩: হরমুজ প্রণালী ও ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের মার্কিন হুমকির প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মুহসিন রেজায়ী ১২ এপ্রিল বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী আমেরিকাকে এই অবরোধ বাস্তবায়নের সুযোগ দেবে না। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকার নৌ-অবরোধ ব্যর্থ হতে বাধ্য।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কর্মকর্তারাও জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে খালি হাতে ফিরে যাবে।

সামাজিক মাধ্যমের এক পোস্টে রেজায়ী বলেন, আমেরিকা হরমুজ প্রণালীতে ‘ঐতিহাসিক ব্যর্থতার’ সম্মুখীন হয়েছে এবং তাদের নৌ-অবরোধও ‘অনিবার্যভাবে ব্যর্থ হবে’। তিনি জানান, এই ধরনের হুমকি মোকাবিলায় ইরানের কাছে ‘এখনো ব্যবহার করা হয়নি এমন শক্তিশালী অস্ত্র’ রয়েছে। তাঁর মতে, ইরান এমন কোনো দেশ নয় যাকে কেবল সামাজিক মাধ্যমের পোস্ট ও কল্পনাপ্রসূত পরিকল্পনার মাধ্যমে অবরুদ্ধ করে রাখা যাবে।

অন্যদিকে, ১২ এপ্রিল ইরানি সূত্রের বরাতে জানা গেছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর শাখা ‘কুদস ফোর্স’-এর কমান্ডার ইসমাইল কানি সতর্ক করে বলেছেন, সমগ্র অঞ্চলজুড়ে ‘প্রতিরোধ জোটের’ শক্তিশালী ও কার্যকর উপস্থিতি রয়েছে এবং তারা যেকোনো শত্রু মোকাবিলায় প্রস্তুত। তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েলের মনে রাখা উচিত যে তারা কীভাবে ইয়েমেন, মান্দেব প্রণালী ও লোহিত সাগর থেকে খালি হাতে পালিয়েছিল; এবারও তারা এই অঞ্চল থেকে কিছুই অর্জন করতে পারবে না।

এর আগে, ১২ এপ্রিল সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দেন যে, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে যেকোনো জাহাজের প্রবেশ ও বের হওয়া বন্ধ করতে শুরু করবে। একই দিনে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের বাহিনী পূর্ব মার্কিন সময় ১৩ এপ্রিল সকাল ১০টা (বাংলাদেশ সময় ১৩ এপ্রিল রাত ১০টা) থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বহির্গামী সব জাহাজের ওপর অবরোধ আরোপ করবে।

সিএমজি সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *