জুলাই ২৩: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গতকালের (বুধবার)এ সাক্ষাতে ওয়াং ই বলেন, এ বছর চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষনেতারা বেইজিংয়ে একটি ঐতিহাসিক বৈঠক করেছেন। তারা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন এবং উভয় পক্ষের যৌথ প্রচেষ্টার দিকনির্দেশনা দিয়েছেন।
ওয়াং ই আরও বলেন, এটি চীন ও যুক্তরাষ্ট্র—এ দুই বৃহৎ দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের পথ অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি দুই দেশের জনগণের মৌলিক স্বার্থ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও জানান তিনি।
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দায়িত্ব হলো দুই রাষ্ট্রপ্রধানের নির্ধারিত পথ অনুসরণ করে বিভিন্ন বাধা অতিক্রম করা এবং নেতাদের ঐকমত্যকে কার্যক্রমে রূপান্তর করা।’
চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলগত স্থিতিশীলতা বিশ্বের শান্তি ও নিরাপত্তাকে এগিয়ে নেবে এবং দুই দেশের গঠনমূলক পারস্পরিক যোগাযোগ আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ গতিশক্তি যোগাবে বলেও জানান ওয়াং ই।
উভয় পক্ষ মনে করে, বৈঠকটি বাস্তবসম্মত ও গঠনমূলক ছিল। তারা যৌথভাবে দুই দেশের শীর্ষনেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ কাজে লাগানো, উচ্চপর্যায়ের যোগাযোগের প্রস্তুতি নেওয়া এবং গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্কের বাস্তব অগ্রগতি অর্জনে সম্মত হয়েছে।
সূত্র: সিএমজি

















