প্রাপ্তবয়স্কদের জন্য মনোদৈহিক গল্প : নব্বই মিনিট
চলমান বর্ষা ও ফুটবলের মৌসুমে সারা দিনে একবার করে হলেও যে কথাটা সোহাগ দেওয়ান মনে মনে আওড়ায় সেটা হলো- আমাদের জীবনে ফুটবল খেলাটা একটা চক্রের মতো, চক্র গোল, বলও গোল, আর বল খেলাটাও শুরু হয় মধ্য রাতে, মানুষে মানুষে খেলা, আরে খেলাই তো! এরপর চিন্তাটা খেই হারিয়ে ফেলতে শুরু করলে সোহাগ দেওয়ান মনস্থির করে বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ২০ বছর আগের গল্পটা আবার নতুন করে বলার সময় হয়েছে, কারণ গত বিশ্বকাপের সময় গল্পটার বলার মতো ফুরসৎ তার হাতে ছিল না, আর এবারের মৌসুমে যে সকল নতুন বন্ধু যোগ হয়েছে, তারা আসলে বেশিরভাগই কলিগ এবং তাদের হাতে এ ধরনের গল্প শোনার মতো যথেষ্ট অবসর থাকে, ‘চুরানব্বইর বিশ্বকাপের পর আমার কাছে ফুটবল জিনিসটাই একেবারে অন্যরকম লাগে। ফুটবল আসলে একটা খেলা না, এইটার একটা হিসাব আছে, লেজার ব্যালেন্সের মতো দুই সাইডে মিল থাকতে হয়, নইলে নব্বই মিনিট কাটবে কেমনে?' সোহাগ দেওয়ান চেষ্টা করে গল্পে সাসপেন্স তৈরি ক...












