চীনা বসন্ত উৎসবে রোবটের ঝলক - Mati News
Wednesday, February 18

চীনা বসন্ত উৎসবে রোবটের ঝলক

বিশ্বের সবচেয়ে বেশি দেখা টেলিভিশন অনুষ্ঠান চীনের বসন্ত উৎসব গালা ২০২৬ সালে প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার নতুন দিক তুলে ধরেছে। এবারের আয়োজনের বড় আকর্ষণ ছিল অত্যাধুনিক মানবাকৃতি রোবটের চমকপ্রদ প্রদর্শনী, যা চীনের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উজ্জ্বল বার্তা দিয়েছে।

সোমবার রাতের সরাসরি অনুষ্ঠানে গান, নাচ ও কৌতুকের সঙ্গে যুক্ত হয় রোবটদের বিশেষ পরিবেশনা। পূর্ব চীনের হাংচৌভিত্তিক ইউনিট্রি রোবোটিক্স আবারও দর্শকদের নজর কাড়ে। ২০২৫ সালের তুলনায় এবার তাদের রোবটগুলো আরও দক্ষতা দেখিয়েছে। কুংফু শিল্পীদের সঙ্গে মঞ্চে তলোয়ার ও নানচাকু ব্যবহার করে মার্শাল আর্ট প্রদর্শন করেছে ওরা।

রোবটগুলো ‘মাতাল বক্সিং’, বাধা এড়িয়ে চলা এবং ব্যাকফ্লিপের মতো জটিল কৌশল দেখায়। কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম ও থ্রিডি লাইডার প্রযুক্তির সহায়তায় তারা টেবিলের ওপর দিয়ে বিশেষ লাফ, ৩ মিটারেরও বেশি উঁচু থকে উড়ন্ত ফ্লিপ এবং দ্রুত চলার মতো নতুন বিশ্বরেকর্ডও করে।

China robo

অনুষ্ঠানের শুরুতে চীনা স্টার্টআপ ম্যাজিকল্যাবের রোবটগুলো অবিকল মানুষের মতো নৃত্য পরিবেশন করে। পরে ছয়টি রোবট জনপ্রিয় সংগীতশিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করে।

অন্যদিকে, বেইজিংভিত্তিক গ্যালবট দেখিয়েছে রোবটের দৈনন্দিন কাজ করার দক্ষতা। আখরোট ভাঙা থেকে শুরু করে মেঝে থেকে কাচের টুকরা তোলা, তাক থেকে জিনিস নামানো, কাপড় ভাঁজ করা এবং রান্নার প্রস্তুতির মতো কাজ স্বাভাবিক মানুষের মতোই সম্পন্ন করেছে।

অনুষ্ঠানের আবেগঘন মুহূর্ত তৈরি করে নোয়েটিক্স রোবোটিক্স। তাদের রোবট অংশ নেয় একটি কৌতুক নাটিকায়। একজন অভিনেত্রীর বায়োনিক প্রতিরূপও দেখানো হয় তাতে। এটি তৈরিতে সময় লেগেছে মাত্র ৩০ দিন। নাটকটি মানুষ ও রোবটের সম্পর্ক নিয়ে ভাবনার নতুন দিক তুলে ধরে এবং মানবিক অনুভূতির গুরুত্বকেও সামনে আনে।

বিশেষজ্ঞদের মতে, গালায় রোবটের এই ব্যাপক উপস্থিতি চীনের অর্থনীতি ও প্রযুক্তির নতুন প্রবণতার প্রতীক। আগে যেখানে বিজ্ঞাপনে সাইকেল, গৃহস্থালি পণ্য বা ইন্টারনেট সেবা দেখা যেত, এখন সেখানে জায়গা নিচ্ছে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এগুলোই হলো চীনের ‘নতুন উৎপাদনশীল শক্তি’।

শিল্পখাতের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বে মানবাকৃতি রোবট উৎপাদনে চীনা প্রতিষ্ঠানগুলো শীর্ষে উঠে এসেছে। অ্যাজিবট একাই বছরে ৫,১০০টির বেশি রোবট সরবরাহ করে বৈশ্বিক বাজারের ৩৯ শতাংশ দখল করেছে। এর পরেই রয়েছে ইউনিট্রি ও ইউবিটেক রোবোটিক্স।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *