ফয়সল আবদুল্লাহ
প্রকৃতি তার স্বাভাবিক ছন্দে ফিরে এলে বিচরণ বাড়ে বন্যপ্রাণীর। প্রমাণ মিলছে চীনের বিভিন্ন প্রান্তে। ব্ল্যাক স্টর্ক বা বিরল প্রজাতির কালো সারস পাখি দেখা গেছে চীনের উত্তর-পশ্চিমের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের থৌথুন নদী অববাহিকায়। ৬০টিরও বেশি কালো সারস পাখিকে বাসা বাঁধতে দেখা গেছে সেখানে। আশপাশের পরিবেশও বাস্তুসংস্থানের মানোন্নয়নে ফলেই সেখানে বেড়েছে বিরল পাখিটির আনাগোনা।
ব্ল্যাক স্টর্কগুলো নদীতে সতর্ক পায়ে হেঁটে মাছ শিকার করে ছোট্ট বালুচরে রোদে গা জুড়ায় তারা। নদীতীরের পাহাড়ে পোকা-মাকড় খুঁজে নীল আকাশে ডানা ঝাপটে উঁচুতে উড়ে বেড়াতেও দেখা গেছে তাদের। বয়ে চলা নদী, সবুজ গাছপালা এবং পর্বতের দৃশ্যপটে এক প্রাণবন্ত প্রাকৃতিক দৃশ্য রচনা করেছে তাদের উপস্থিতি। পাখিটি চীনে প্রথম শ্রেণির জাতীয় সুরক্ষার আওতায় রয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে সিনচিয়াংয়ের ছিংগিল কাউন্টির তোংফেং জলাশয়ে বিশ্রাম নিতে দেখা গেছে এক হাজারেরও বেশি ক্ষুদে সারস বা বিপন্ন ডেমোইসেল ক্রেইন পাখিকে। ক্ষুদে সারসের এ প্রজাতি সারসদের মধ্যে আকারে সবচেয়ে ছোট এবং এটি চীনে দ্বিতীয় শ্রেণির জাতীয় সংরক্ষিত প্রাণী।
সাম্প্রতিক বছরগুলোতে ছিংগিল কাউন্টি ও এর চারপাশের জলাভূমিতে পরিবেশগত পুনরুদ্ধার প্রচেষ্টা জোরদার হয়েছে। এতে অঞ্চলটির পানির গুণমানের উন্নতি ও জীববৈচিত্র্য বৃদ্ধিতে এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি।

সিছুয়ানের শিছু কাউন্টিতে সম্প্রতি নদী পার হতে দেখা গেছে ১৮০টিরও বেশি দুর্লভ সাদা-ঠোঁটওয়ালা হরিণের একটি পালকে। তাদের এই চলাচলে ছিল প্রাকৃতিক ছন্দ ও সহজাত শৃঙ্খলা।
দুর্লভ প্রজাতির সাদা-ঠোঁট হরিণ কেবল চীনেই পাওয়া যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার মিটার উঁচুতে আল্পাইন তৃণভূমি এবং গুল্মজাতীয় বনাঞ্চলে থাকে এরা।
সাদা-ঠোঁট হরিণ চীনে প্রথম শ্রেণির জাতীয় সুরক্ষার আওতাভুক্ত এবং ২০১৫ সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার কর্তৃক বিপন্ন প্রজাতির লাল তালিকায় অন্তর্ভুক্ত হয়। চীনের স্থানীয় পরিবেশ সংরক্ষণ প্রচেষ্টার কল্যাণে এদের সংখ্যা এখন ১০ হাজার ছাড়িয়েছে।

চিরবসন্তের প্রদেশ ইয়ুননানের তালি বাই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের একটি প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রে ধরা পড়েছে এক বর্ণিল দৃশ্য। বিরল এক পুরুষ সোনালি ফিজেন্টকে দেখা গেল সঙ্গীর দৃষ্টি আকর্ষণে নেচে নেচে দেখাচ্ছে লাল, কমলা, সোনালি, হলুদ, সবুজ ও নীল রঙের বাহারি পালক।
উজ্জ্বল রঙের জন্য চীনে বিপন্ন এ পাখির আরেক নাম ছোট ফিনিক্স। চীনে এটি দ্বিতীয় শ্রেণির জাতীয় সুরক্ষিত প্রাণী।
তথ্য ও ছবি: সিএমজি

















