চীন-দক্ষিণ কোরিয়ার অভিন্ন স্বার্থ সম্প্রসারণের আহ্বান ওয়াং ইর - Mati News
Saturday, November 14

চীন-দক্ষিণ কোরিয়ার অভিন্ন স্বার্থ সম্প্রসারণের আহ্বান ওয়াং ইর

চীন ও দক্ষিণ কোরিয়ার (আরওকে) মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ক্ষেত্র তৈরি এবং অভিন্ন স্বার্থ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

শুক্রবার বেইজিংয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন সবসময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দিয়ে আসছে। প্রচলিত সহযোগিতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োমেডিসিন, পরিবেশবান্ধব ও নিম্ন কার্বন নিঃসরণভিত্তিক উন্নয়ন এবং প্রবীণ জনগোষ্ঠীকেন্দ্রিক অর্থনীতিসহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চীন প্রস্তুত।

তিনি বলেন, আগামী বছর চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫ বছর পূর্তি হবে। এ উপলক্ষে দুই দেশের উচিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে সঠিক পথে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করা।

ওয়াং ই আরও বলেন, শেনচেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের অর্থনৈতিক নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন অর্থনীতির নেতারা এতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি অভিন্ন সম্প্রদায় গঠন, পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধি এগিয়ে নিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের পারস্পরিক সফরের পর দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধার হয়েছে এবং সামনে এগিয়েছে।

তিনি আরও বলেন, একচীন নীতির প্রতি সম্মান জানানোর বিষয়ে দক্ষিণ কোরিয়া সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।

‘চীন বর্ষ’ হিসেবে এপেক আয়োজনের সফলতা কামনা করে চো হিউন জানান, আগামী সপ্তাহে শেনচেনে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠক চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *