আফরিন মিম
৮৫ বছর বয়সে অনেকেই অবসর জীবন বেছে নেন। কিন্তু চীনের প্রবীণ কৃষিবিজ্ঞানী চাও ইয়াফু এখনও ভোরে মাঠে যান, কৃষকদের সঙ্গে কাদামাটিতে নেমে ধানের চারা রোপণ দেখেন, নতুন প্রযুক্তি শেখান, আর ফসলের ভবিষ্যৎ নিয়ে পরামর্শ দেন। তার কাছে কৃষি শুধু পেশা নয়, এটি আজীবনের অঙ্গীকার।
চীনের ২৪টি সৌরঋতুর একটি ‘কু ইউ’-এর দিনে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের তাইচুয়াং গ্রামের ধানক্ষেতে যখন মৌসুমের প্রথম চারা রোপণ শুরু হয়, তখন গ্রামের মানুষ তার ৮৫তম জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু চাও ইয়াফুকে পাওয়া গেল জন্মদিনের আয়োজনে নয়, ধানক্ষেতের আইলে। পায়ে রাবারের বুট, মাথায় খড়ের টুপি—তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন চারা রোপণের কাজ।
কৃষকদের উদ্দেশে তার পরামর্শ ছিল, ‘চারা লাগানোর সঙ্গে সঙ্গেই জমিতে সেচ দিন। সেচ ঠিকভাবে করতে পারলে চাষের অর্ধেক কাজ সফল হয়ে যায়।‘
১৯৪১ সালে জন্ম নেওয়া চাও ইয়াফু কৃষিবিদ্যায় পড়াশোনা শেষ করে ১৯৬১ সালে চেনচিয়াংয়ের একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যোগ দেন। গবেষণাগারে কাজ করতে গিয়েই তিনি উপলব্ধি করেন, একজন কৃষিবিজ্ঞান তখনই সফল হবেন যখন তার সুফল সরাসরি কৃষকের জমিতে পৌঁছবে।
১৯৮২ সালে তিনি জাপানে কৃষি প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পান। দেশে ফেরার সময় সঙ্গে আনেন ১৩ বাক্স কৃষিবিষয়ক বই ও প্রযুক্তিগত উপকরণ। আরও এনেছিলেন মাত্র ২০টি স্ট্রবেরির চারা। সেই অল্প কয়েকটি চারা থেকেই শুরু হয় নতুন সম্ভাবনার গল্প। তিনি কৃষকদের স্ট্রবেরি চাষ, সার ব্যবস্থাপনা ও রোগবালাই নিয়ন্ত্রণে প্রশিক্ষণ দেন। প্রথম ফলনই কৃষকদের জন্য এনে দেয় অপ্রত্যাশিত আয়।
২০০১ সালে অবসরের সময় এলেও তিনি বিশ্রাম নেননি। বরং স্বেচ্ছায় চলে যান চেনচিয়াংয়ের অন্যতম দরিদ্র গ্রাম তাইচুয়াংয়ে। তখন গ্রামের মাথাপিছু বার্ষিক আয় ছিল ৩ হাজার ইউয়ানেরও কম, আর গ্রামটি ছিল ঋণের বোঝায় জর্জরিত।
চাও গ্রামের মানুষকে নিয়ে গড়ে তোলেন একটি সমবায়। তিনি তাদের জৈব পদ্ধতিতে পিচ চাষে উৎসাহিত করেন। শুরুতে অনেকেই দ্বিধায় থাকলেও সফল ফলনের পর ক্রেতাদের আগ্রহ দ্রুত বাড়তে থাকে। পরে নিজের নামেই ‘ইয়াফু’ কৃষিপণ্যের ব্র্যান্ড ব্যবহারের অনুমতি দেন এবং কৃষকদের সরাসরি শহরের ভোক্তাদের সঙ্গে সংযুক্ত হতে সহায়তা করেন।
আজ তাইচুয়াং চীনের একটি সফল জৈব কৃষি গ্রামের উদাহরণ। গ্রামের মানুষের গড় বার্ষিক আয় বেড়ে হয়েছে ৪৭ হাজার ইউয়ানেরও বেশি। গ্রামের সমষ্টিগত বার্ষিক আয় ৫০ লাখ ইউয়ান ছাড়িয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত ২০ বছর ধরে এখানকার ধানক্ষেতে কোনো কৃত্রিম কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। অথচ ধানের উৎপাদনও স্থিতিশীল রয়েছে। ফলে প্রকৃতিও ফিরে পেয়েছে তার প্রাণ। গ্রীষ্মে ধানক্ষেতে এখন নিয়মিত দেখা মেলে ফড়িং, ব্যাঙ ও নানা প্রজাতির পাখির।
চাও ইয়াফু বলেন, ‘এই ধানক্ষেতে প্রায় ১৫০ প্রজাতির ছোট প্রাণী এবং প্রায় ১০০ প্রজাতির পাখি বাস করে। একটি গ্রামের জন্য এটি সত্যিই অসাধারণ।‘
তাইচুয়াংয়ের সাফল্য এখন চিয়াংসুর সীমানা ছাড়িয়ে আনহুই, চিয়াংসি-সহ চীনের আরও অনেক প্রদেশে ছড়িয়ে পড়েছে। তার নামে প্রতিষ্ঠিত কৃষি সেবা দল ও প্রযুক্তি কেন্দ্রের মাধ্যমে নতুন প্রজন্মের কৃষি প্রযুক্তিবিদরা কৃষকদের কাছে আধুনিক জ্ঞান পৌঁছে দিচ্ছেন।
চলতি বছর চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সম্মান ‘জুলাই ১ পদক’-এ ভূষিত হয়েছেন চাও ইয়াফু। তবে তার কাছে সবচেয়ে বড় পুরস্কার কোনো পদক নয়, বরং কৃষকের মুখের হাসি।
তিনি বলেন, ‘একজন পার্টি সদস্য ও কৃষিবিজ্ঞানীর দায়িত্ব প্রযুক্তিকে এমন দক্ষতায় রূপান্তর করা, যা কৃষক বাস্তবে কাজে লাগাতে পারবেন এবং যার ফল পাবেন তাদের ফসলের মাঠে।‘
৮৫ বছর বয়সেও তাই চাও ইয়াফুর কর্মস্থল কোনো দপ্তর নয়, বরং কৃষকের মাঠ। তার জীবন প্রমাণ করে, মানুষের কল্যাণে নিবেদিত নিষ্ঠার অবসর গ্রহণের কোনো বয়স নেই।
সূত্র: সিএমজি




















