প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপগ্রহ নেটওয়ার্ক তৈরি করছে চীন ও মধ্য এশীয় দেশগুলো - Mati News
Tuesday, July 21

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপগ্রহ নেটওয়ার্ক তৈরি করছে চীন ও মধ্য এশীয় দেশগুলো

জুন ২৮, সিএমজি বাংলা ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও তথ্য বিনিময়ের লক্ষ্যে যৌথভাবে একটি উপগ্রহ নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে চীন এবং মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ। সম্প্রতি চীনের সিনচিয়াংয়ের রাজধানী উরুমছিতে অনুষ্ঠিত নবম চীন-ইউরেশিয়া এক্সপোতে এই প্রযুক্তিগত সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাজাখস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তানের বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

‘থিয়ানউ কনস্টেলেশন’ নামে পরিচিত এই মহাকাশভিত্তিক মনিটরিং নেটওয়ার্কটি প্রাথমিকভাবে পাঁচটি কৃত্রিম উপগ্রহ নিয়ে গঠিত হবে। এটি মূলত ভূমিকম্প, কৃষি ক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণ এবং হিমবাহ গলে সৃষ্ট বন্যার মতো অভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবিলায় কাজ করবে।

চীনের বিজ্ঞান একাডেমির রিমোট-সেন্সিং বিশেষজ্ঞ থোং ছিংসি জানান, সিনচিয়াংয়ের ভৌগোলিক পরিবেশ এবং মধ্য এশিয়ার দেশগুলোর ভৌগোলিক গঠন প্রায় একই ধরনের। এর ফলে অঞ্চলটিতে ভূমিকম্প, ভূমিধস এবং হিমবাহ গলে বন্যার ঝুঁকিও অভিন্ন। এই যৌথ উদ্যোগটি বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার একটি বাস্তব প্রতিফলন এবং একটি ‘মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়’ গড়ার প্রচেষ্টার অংশ।

তাজিকিস্তানের জাতীয় বিজ্ঞান একাডেমির ভাইস প্রেসিডেন্ট আকোবির মিরজোরাখিমজোদা বলেন, স্যাটেলাইট নেটওয়ার্কিং এবং এআই-এর মতো উন্নত প্রযুক্তির ব্যবহার পরিবেশগত সূচকগুলোর রিয়েল-টাইম মনিটরিং ও বিশ্লেষণের সুযোগ তৈরি করবে। তিনি একে বৈজ্ঞানিক অগ্রগতি এবং দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সিএমজি

China, Central Asian countries to build joint satellite constellation for disaster  monitoring

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *