বেইজিংয়ে শুরু হিউম্যানয়েড রোবটের জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব - Mati News
Monday, August 3

বেইজিংয়ে শুরু হিউম্যানয়েড রোবটের জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে ২৮তম চায়না রোবট অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিটিশন ২০২৬-এর হিউম্যানয়েড রোবট জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

প্রতিযোগিতায় চীনের ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের ২১৩টি দল অংশ নিয়েছে। তারা প্রায় ৩৫০টি হিউম্যানয়েড রোবট নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ করছে।

রোবটগুলোকে নিজে থেকেই বিভিন্ন ধরনের পথে চলাচল, বাধা এড়িয়ে এগিয়ে যাওয়া এবং যন্ত্রাংশ শনাক্ত করে আলাদা করার মতো কাজ করতে হচ্ছে। এসব কাজ তারা নিজেদের সেন্সরের মাধ্যমে চারপাশের পরিবেশ বিশ্লেষণ করে সম্পন্ন করছে।

পূর্ণাকৃতির, মাঝারি ও ছোট—তিন ধরনের হিউম্যানয়েড রোবট নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতা এখন শুধু প্রযুক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়। শিল্পখাতের জন্য দক্ষ জনবল ও নতুন প্রযুক্তি বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এবারের প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ হলো, প্রথমবারের মতো পূর্ণাকৃতির হিউম্যানয়েড রোবটগুলো কোনো রিমোট কন্ট্রোল ছাড়াই পুরো প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

প্রতিযোগিতায় কারখানার বাস্তব কাজের পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে রোবটগুলোকে ঝুঁকিপূর্ণ পরিদর্শন, উৎপাদন লাইনে পণ্য ওঠানো-নামানো এবং গাড়ির যন্ত্রাংশ বাছাইয়ের মতো কাজ করতে হচ্ছে।

এছাড়া নির্ধারিত ৫০ মিনিটের মধ্যে রোবটগুলোকে ঢাল বেয়ে ওঠা, অসমতল পথে হাঁটা এবং অন্যান্য কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার চ্যালেঞ্জও দেওয়া হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *