মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের, সহিংসতা বন্ধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ - Mati News
Friday, July 31

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের, সহিংসতা বন্ধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ

মধ্যপ্রাচ্যজুড়ে অবিলম্বে শত্রুতা ও সহিংসতা বন্ধ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে বেইজিং জোর দিয়ে বলেছে, এই অঞ্চল তার জনগণের এবং একে কোনোভাবেই বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র বা ভূরাজনৈতিক কৌশলের বলি হতে দেওয়া যাবে না।

মঙ্গলবার মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ত্রৈমাসিক উন্মুক্ত বিতর্কে জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুন লেই এ কথা বলেন।

তিনি বলেন, “ফিলিস্তিন প্রশ্ন মধ্যপ্রাচ্যের সমস্যাগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং এটিকে কখনোই উপেক্ষা বা প্রান্তিক করা উচিত নয়। ফিলিস্তিন প্রশ্নের একটি পূর্ণাঙ্গ, ন্যায়সঙ্গত এবং স্থায়ী সমাধানই এই অঞ্চলে বারবার ঘটে চলা সংঘাতের দুষ্টচক্র ভাঙতে পারে এবং সত্যিকারের শান্তির ভোর আনতে পারে।”

সুন লেই বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দ্বি-রাষ্ট্র সমাধানের মূল দিকনির্দেশনার ওপর নিজেদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে এবং অপরিবর্তনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে কোনো ব্যবস্থা বা নতুন পদ্ধতিকে অবশ্যই ‘ফিলিস্তিন শাসন করবে ফিলিস্তিনিরা’—এই নীতিকে সমুন্নত রাখতে হবে, ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে সম্মান করতে হবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানকে দুর্বল না করে বরং এগিয়ে নিয়ে যেতে হবে। ফিলিস্তিনের ভূখণ্ডগত ও জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তনের যেকোনো বিপজ্জনক প্রচেষ্টা দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে এবং তা অবশ্যই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে হবে।”

বক্তব্যের উপসংহারে সুন লেই জানান, “এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি বজায় রাখা এবং সমঝোতাস্মারকে অর্জিত ঐকমত্য বাস্তবায়নের পথে ফিরে আসা।”

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *