জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং, আধুনিকায়নের উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে রোভার স্কাউটিং কোর্স পুনরায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আত্মিক বিকাশ এবং সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে স্কাউটিংয়ের সমন্বয় ঘটিয়ে কোর্সটিকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার রাজধানীর কাকরাইলে স্কাউটস ভবনে আয়োজিত বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৬তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।উপাচার্য ড. আমানুল্লাহ জানান, শিক্ষার্থীদের মরাল এডুকেশন বা নৈতিক শিক্ষার সঙ্গে স্পিরিচুয়াল ও সোসিও-কালচারাল শিক্ষার সমন্বয় করে স্কাউটিং কোর্সকে নতুন আঙ্গিকে সাজানো হবে। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কাউটিং বিষয়ে এক ক্রেডিটের কোর্স চালুর বিষয়টি পুনর্বিবেচনা...
