আন্তর্জাতিক সম্প্রদায়কে সুদানে যুদ্ধবিরতি অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান চীনের - Mati News
Wednesday, August 26

আন্তর্জাতিক সম্প্রদায়কে সুদানে যুদ্ধবিরতি অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান চীনের

সুদানে চলমান সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধবিরতি অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ কথা বলেন জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই।

সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সুন লেই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিরামভাবে শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যাওয়া, মানবিক সংকটের তীব্রতা কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া।

তিনি আরও বলেন, “সুদানের সংঘাত দীর্ঘায়িত হওয়ার ফলে সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতি ঘটছে। এটি কেবল দেশটির উন্নয়নকেই মারাত্মকভাবে ব্যাহত করছে না, বরং প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে। এই ট্র্যাজেডি আর চলতে দেওয়া যায় না।”

চীনের এই প্রতিনিধি জানান, শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সুদানের জনগণের আকাঙ্ক্ষা দিন দিন বাড়ছে। আর তাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

নিষেধাজ্ঞা প্রসঙ্গে চীনের অবস্থান তুলে ধরে সুন লেই বলেন, নিষেধাজ্ঞা হলো একটি মাধ্যম, কোনো লক্ষ্য নয় এবং এটি কূটনৈতিক প্রচেষ্টার বিকল্প হতে পারে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত এই বিশেষ হাতিয়ারটি অত্যন্ত বিচক্ষণতার সাথে ব্যবহার করা, সুদানের সার্বভৌমত্বকে পুরোপুরি সম্মান জানানো এবং দেশটির বৈধ উদ্বেগকে বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞা যেন বস্তুনিষ্ঠ, ন্যায়সংগত ও কার্যকর হয় তা নিশ্চিত করা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *