এআই ব্যবহারের বিস্তারে চীনে শিল্পখাতের মুনাফা বৃদ্ধি - Mati News
Friday, August 28

এআই ব্যবহারের বিস্তারে চীনে শিল্পখাতের মুনাফা বৃদ্ধি

চীনের শিল্পখাতের মুনাফা বছরের প্রথম সাত মাসে দ্বি-অঙ্কের প্রবৃদ্ধি বজায় রেখেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তৃত ব্যবহার এই মুনাফা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। একই সঙ্গে এটি শিল্পখাতের দ্রুততর আধুনিকায়নের চিত্রও তুলে ধরছে।

তবে টানা তৃতীয় মাসের মতো জুলাইয়ে মুনাফা বৃদ্ধির গতি কমেছে। শিল্পখাতগুলোর মধ্যে পার্থক্যও অব্যাহত রয়েছে। বিশ্লেষকরা বলেছেন, পুরোনো ও নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তির মধ্যে মসৃণ রূপান্তর নিশ্চিত করতে অভ্যন্তরীণ চাহিদা আরও সক্রিয়ভাবে বাড়ানো প্রয়োজন।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো বৃহস্পতিবার জানিয়েছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা ৪.৫৮ ট্রিলিয়ন ইউয়ানে (৬৮২ বিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ১৭.৬ শতাংশ বেশি। প্রবৃদ্ধি শক্তিশালী থাকলেও বছরের প্রথম ছয় মাসের ১৮.৭ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় তা কিছুটা কমেছে।

ইলেকট্রনিকস খাত মুনাফা বৃদ্ধিতে বড় অবদান রেখেছে। এ খাতের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১১০ শতাংশ বেড়েছে। সামগ্রিক শিল্প মুনাফা বৃদ্ধিতে এই খাতের অবদান ছিল ৯.৩ শতাংশ পয়েন্ট। কম্পিউটিং ও মেমোরি চিপসহ ইন্টিগ্রেটেড সার্কিট শিল্পের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮.৫ গুণ বেড়েছে।

শিল্প পরিসংখ্যান বিভাগের প্রধান পরিসংখ্যানবিদ ইয়ু ওয়েইনিং এই দ্রুত প্রবৃদ্ধির পেছনে এআইয়ের ব্যবহার দ্রুত বৃদ্ধি এবং কম্পিউটিং সক্ষমতার চাহিদা ধারাবাহিকভাবে বৃদ্ধিকে কারণ হিসেবে মনে করছেন। এর ফলে সংশ্লিষ্ট পণ্যের প্রতি বাজারের আগ্রহ বেড়েছে এবং এসব পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে।

জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, বৃহত্তর শিল্পখাতের আধুনিকায়নও অব্যাহত রয়েছে। বড় উচ্চপ্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মুনাফা ৫০.১ শতাংশ বেড়েছে। একই সময়ে লৌহ নয় এমন ধাতু উৎপাদনকারীদের মুনাফা ৯১.৮ শতাংশ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এ বৃদ্ধির একটি অংশ এআইয়ের দ্রুত বিকাশের সঙ্গে সম্পর্কিত। এআইয়ের প্রসারের ফলে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের চাহিদা ধারাবাহিকভাবে বেড়েছে এবং এসব সম্পদের দামও উচ্চ পর্যায়ে রয়েছে।

তবে কিছু ঐতিহ্যবাহী শিল্প এবং শিল্প সরবরাহ শৃঙ্খলের মধ্যবর্তী ও নিম্নধাপের কিছু খাত এখনো চাপের মধ্যে রয়েছে।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বছরের প্রথম সাত মাসে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সরঞ্জাম উৎপাদনখাতের মুনাফা ৭.৬ শতাংশ কমেছে। একই সময়ে গাড়ি উৎপাদনকারীদের মুনাফা ২০.৪ শতাংশ কমেছে। আবাসন খাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত লৌহঘটিত ধাতু গলানো ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের মুনাফা ৫১.২ শতাংশ কমেছে।

জুলাইয়ে বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা আগের বছরের একই মাসের তুলনায় ১১.২ শতাংশ বেড়েছে। তবে জুনে এই প্রবৃদ্ধির হার ছিল ১৫.১ শতাংশ। শিল্প উৎপাদন ও উৎপাদকমূল্য— উভয়ের প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় জুলাইয়ে মুনাফা বৃদ্ধিও মন্থর হয়েছে। এর মধ্য দিয়ে একক মাসের মুনাফা বৃদ্ধির গতি টানা তৃতীয় মাসে কমল।

সূত্র: সিএমজি

Artificial intelligence adoption gathering momentum in China - Chinadaily .com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *