আফরিন মিম
চীনের বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে কাগজের বোর্ডিং পাস বাতিলের উদ্যোগ নিয়েছে। রোববার থেকে চায়না ইউনাইটেড এয়ারলাইন্সের সঙ্গে যৌথভাবে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।
এই পাইলট প্রকল্পের আওতায় তাসিং বিমানবন্দর থেকে পরিচালিত চায়না ইউনাইটেড এয়ারলাইন্সের সব অভ্যন্তরীণ ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে। চেক-ইন কাউন্টার ও সেলফ-সার্ভিস মেশিন উভয় মাধ্যমেই এই সেবা চালু করা হয়েছে।
নতুন ব্যবস্থায়, যাত্রীরা চেক-ইন সম্পন্ন করার পরই এসএমএসের মাধ্যমে সম্পূর্ণ ভ্রমণ তথ্য ও ইলেকট্রনিক বোর্ডিং পাস পেয়ে যাবেন। ফলে বিমানবন্দরে আর কাগজের বোর্ডিং পাস প্রিন্ট করার সুযোগ থাকবে না।
তবে প্রবীণ যাত্রী এবং যারা ডিজিটাল ডিভাইস ব্যবহারে অভ্যস্ত নন, তাদের জন্য বিমানবন্দর ও এয়ারলাইন্সের পক্ষ থেকে সরাসরি সহায়তা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে বিমানবন্দর সেবায় ডিজিটাল রূপান্তর আরও জোরদার হবে এবং যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা হবে আরও দ্রুত ও সহজ।
সূত্র: সিএমজি
























