কিরগিজস্তানে ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’র পঞ্চম খণ্ড নিয়ে আলোচনা সভা - Mati News
Tuesday, July 14

কিরগিজস্তানে ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’র পঞ্চম খণ্ড নিয়ে আলোচনা সভা

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সোমবার ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’ গ্রন্থের পঞ্চম খণ্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় অংশগ্রহণকারীরা বলেন, শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম বার্ষিকীর প্রেক্ষাপটে আয়োজিত এ অনুষ্ঠান দুই দেশ এবং এসসিও-ভুক্ত দেশের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে বইটি নিয়ে মতবিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

কিরগিজস্তানের সাবেক প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভা বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত ‘মানবজাতির অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি’ ধারণাটি বৈশ্বিক প্রভাবসম্পন্ন এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি বলেন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা কিরগিজস্তানের জন্য নতুন উন্নয়নের সুযোগ সৃষ্টি ও দেশটিকে ধীরে ধীরে ইউরেশিয়া অঞ্চলের এক গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্রে পরিণত হতে সহায়তা করছে।

অনুষ্ঠানে কিরগিজস্তানের রাষ্ট্রসচিব আরস্লান কোইচিয়েভ বলেন, নিজস্ব জাতীয় বাস্তবতার সঙ্গে মার্ক্সবাদকে সমন্বয় করার ক্ষেত্রে চীন সফল হয়েছে এবং এ বিষয়ে তাদের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে।

তিনি আরও বলেন, বইটি পাঠের মাধ্যমে কিরগিজস্তান-চীন সম্পর্ক এবং বিশ্বের সঙ্গে কিরগিজস্তানের সম্পর্ক নিয়ে আরও গভীরভাবে ভাবার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে কিরগিজ অতিথিদের ‘সি চিন পিং: দ্য গভর্ন্যান্স অব চায়না’র তৃতীয় খণ্ডের কিরগিজ ভাষার সংস্করণ ও পঞ্চম খণ্ডের রুশ ভাষার সংস্করণ উপহার হিসেবে দেওয়া হয়।

এ সময় কিরগিজস্তানের চিকিৎসাকর্মী ও সাংবাদিক প্রতিনিধিরা ‘জনগণকেই সর্বাগ্রে’ রাখার দর্শন বাস্তবায়নে দুই দেশের সহযোগিতার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।

চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য দপ্তর, চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপ এবং কিরগিজস্তানে চীনা দূতাবাস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে দুই দেশের রাজনৈতিক দল, গণমাধ্যম, থিংক ট্যাংকসহ বিভিন্ন খাতের প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *