চলতি বছরের প্রথম আট মাসে চীনের বৈদেশিক বাণিজ্যে ভালো প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে দেশটির রপ্তানি ও আমদানি দুটিই বেড়েছে। তবে রপ্তানির চেয়ে আমদানি বেড়েছে বেশি।
চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চীনের মোট আমদানি-রপ্তানির পরিমাণ ১৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৭৮ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ৫ দশমিক ১৩ ট্রিলিয়ন ডলার। প্রথম সাত মাসের তুলনায় এই প্রবৃদ্ধির হারও কিছুটা বেড়েছে।
প্রথম আট মাসে চীনের রপ্তানি ১৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ২০ দশমিক ১৭ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে। অন্যদিকে আমদানি বেড়েছে ২২ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬১ ট্রিলিয়ন ইউয়ান।
শুধু আগস্ট মাসে চীনের মোট পণ্য আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ৪ দশমিক ৬৫ ট্রিলিয়ন ইউয়ান। গত বছরের আগস্টের তুলনায় এটি ১৯ দশমিক ৮ শতাংশ বেশি।
এ নিয়ে টানা ছয় মাস চীনের মাসিক বৈদেশিক বাণিজ্য ৪ ট্রিলিয়ন ইউয়ানের বেশি রয়েছে।
আগস্টে দেশটির রপ্তানি বেড়েছে ১৮ দশমিক ৬ শতাংশ। একই সময়ে আমদানি বেড়েছে ২১ দশমিক ৭ শতাংশ।
সরকারি তথ্য বলছে, চলতি বছর চীনের বৈদেশিক বাণিজ্যে শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
সূত্র: সিএমজি





















