ছোংছিংয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ সি চিন পিংয়ের - Mati News
Saturday, July 18

ছোংছিংয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ সি চিন পিংয়ের

দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভার ফেংশুই কাউন্টিতে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ ও আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারে বৈজ্ঞানিক পদ্ধতিতে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে ফেংশুই কাউন্টির হানচিয়া উপশহরে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের পাদদেশে থাকা একাধিক আবাসিক ভবন ধসে পড়ে এবং কয়েকজন আটকা পড়েন ও নিখোঁজ হন।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং উদ্ধারকাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি দ্বিতীয় দফা দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা, দুর্ঘটনার কারণ অনুসন্ধান, শিক্ষা গ্রহণ এবং ভূতাত্ত্বিক দুর্যোগের ঝুঁকি চিহ্নিত করে তা দূর করার ওপরও জোর দেন।

তিনি আরও বলেন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব অঞ্চল ও সংশ্লিষ্ট বিভাগকে ঝুঁকি পর্যবেক্ষণ, আগাম সতর্কতা এবং নিয়মিত পরিদর্শন আরও জোরদার করতে হবে।

এদিকে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীলভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।

উদ্ধার ও জরুরি তৎপরতা তদারকির জন্য উপপ্রধানমন্ত্রী চাং কুওছিং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: সিএমজি বাংলা

Rescuers conduct search and rescue operations after a landslide in Pengshui Miao and Tujia Autonomous County of southwest China's Chongqing Municipality, July 17, 2026. /VCG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *