চীনের তাইওয়ানের সঙ্গে পালাউয়ের তথাকথিত কূটনৈতিক সম্পর্ক দেশ ও জনগণের কল্যাণের জন্য নয়, বরং এই সম্পর্ক থেকে লাভবান হওয়া মুষ্টিমেয় ব্যক্তির পকেট ভারী করার কাজে ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
সোমবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, তাইওয়ান পালাউকে দেওয়া বার্ষিক সহায়তার পরিমাণ গত বছরের ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার থেকে বাড়িয়ে চলতি বছর ২ কোটি ৫০ লাখ ডলার করেছে। পাশাপাশি পালাউয়ের সাবেক প্রেসিডেন্ট, বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কয়েকজন আইনপ্রণেতাকে সরাসরি নগদ উপহার হিসেবে প্রায় ২ লাখ ৮১ হাজার মার্কিন ডলার দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে মাও নিং বলেন, ঘটনাটি তাইওয়ানের লাই ছিং-তে প্রশাসনের ‘ব্যয়বহুল ডলার কূটনীতির’ আরেকটি উদাহরণ। তার অভিযোগ, তাইওয়ানের জনগণের কষ্টার্জিত অর্থ ব্যবহার করে ‘তাইওয়ান স্বাধীনতা’পন্থী বিচ্ছিন্নতাবাদ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক স্বার্থকে এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, এই ধরনের কর্মকাণ্ডে দুর্নীতি, প্রতারণা, ঘুষ এবং অর্থের বিনিময়ে ক্ষমতা ব্যবহারের মতো বিষয় জড়িত রয়েছে।
সূত্র: সিএমজি





















