দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আরও গভীর করার আহ্বান চীনের - Mati News
Monday, September 14

দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আরও গভীর করার আহ্বান চীনের

উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সংহতি জোরদার ও যৌথ উন্নয়ন ত্বরান্বিত করতে আরও গভীর দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আহ্বান জানিয়েছে চীন। ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক জাতিসংঘ দিবস’ উপলক্ষে শুক্রবার আয়োজিত এক উচ্চপর্যায়ের আলোচনায় চীনের পক্ষ থেকে জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই এ আহ্বান জানান।

সুন লেই বলেন, ‘গ্রুপ অব ৭৭’ ও চীনের পক্ষে উরুগুয়ের দেওয়া বিবৃতিকে চীন সমর্থন করে। একই সঙ্গে গ্লোবাল সাউথের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ‘জাতিসংঘ দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কার্যালয়’-এর প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

সুন লেই বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর অনেক অভিন্ন লক্ষ্য ও চ্যালেঞ্জ রয়েছে। তাই স্বাধীনতা, সমতা ও পারস্পরিক সুবিধার নীতি বজায় রেখে দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে উন্নয়নশীল দেশগুলো আরও কার্যকর ও সমন্বিত ফলাফল অর্জন করতে পারবে।

গ্লোবাল সাউথের সদস্য হিসেবে চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার বিভিন্ন কাঠামো ও প্ল্যাটফর্মের ক্রমাগত সম্প্রসারণকে স্বাগত জানায় বলেও জানান সুন লেই।

সুন লেই আরও বলেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা উত্তর-দক্ষিণ সহযোগিতার বিকল্প নয়; বরং এটি তার পরিপূরক।

উন্নত দেশগুলোর প্রতি তিনি উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত চাহিদা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আরও বেশি আর্থিক, প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা দিয়ে সরকারি উন্নয়ন সহায়তা–সংক্রান্ত প্রতিশ্রুতি পূরণের তাগিদ দেন।

১২ সেপ্টেম্বর ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক জাতিসংঘ দিবস’ হিসেবে পালিত হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *